শুরু থেকেই পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের ওপর মনস্তাত্ত্বিক চাপ দিয়ে আসছে। কিন্তু বিসিবি তিনটি টি-টোয়েন্টি খেলার পক্ষেই অনঢ় অবস্থানে থাকে। পরে যদিও বলেছিল, আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসে টেস্টের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে। কিন্তু আজ বুধবার টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান। এই প্রস্তাব ভেবে দেখে বৃহস্পতিবার সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিসিবি।
বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের খেলা চলাকালীন পাকিস্তান সফরের ব্যাপারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে জরুরি সভায় বসে বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জানতে চান খেলোয়াড়দের মত। তাতে সবাই আগের অবস্থানই নতুন করে জানিয়েছেন। বিসিবি সভাপতি জানান, এই সফরের ব্যাপারে শুরু থেকেই অনাগ্রহ ছিল মুশফিকের, বাকিরাও যেতে চান খুব অল্প সময়ের জন্য, ‘মুশফিক প্রথম থেকেই আগ্রহ প্রকাশ করেনি যাওয়ার ব্যাপারে। অন্য যাদের সঙ্গে কথা হয়েছে তারাও অল্প সময়ের জন্য যেতে আগ্রহী। এ ছাড়া কোচ তো বেশিরভাগই যাবে না। প্রধান কোচ (রাসেল ডমিঙ্গো) বলেছেন যাবেন। তবে তিনিও শুধু সংক্ষিপ্ত সফরের কথা বলেছেন।’