১৯ বছর ধরে এই একটি শিরোপার জন্য অপেক্ষায় ছিলেন ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপ খেলা শচীন। জীবনের শেষ বিশ্বকাপে সেই অপ্রাপ্তি ঘুচেছিল তার, তাও নিজের মাঠে। ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর ওই ম্যাচটি সরাসরি দেখে ভারতের সাড়ে ১৩ কোটি ভক্ত। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান শচীনকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন ধোনি-কোহলিরা।
উচ্ছ্বসিত আর আপ্লুত ভক্তদের সামনে তাকে কাঁধে করে ‘ল্যাপ অব অনারে’ দেয় ভারত দল। ওই মুহূর্তটিই লড়বে লরিয়াসের সেরা হওয়ার দৌড়ে। ভারতের হয়ে শিরোপা জয়ের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পর শচীন বলেছিলেন, ‘এই মুহূর্তের অপেক্ষাতেই আমি ছিলাম। এ জন্যই আমি ক্রিকেট শুরু করেছিলাম।’
শচীনের এই উদযাপন ছাড়াও সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের একটি মুহূর্তও জায়গা পেয়েছে তালিকায়। ২০০৫ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারানোর পর তিনি সতীর্থদের সঙ্গে উদযাপন না করে আগে ব্রেট লির সঙ্গে হাত মেলান, সান্ত্বনা দেন শেষ ব্যাটসম্যানকে।
উন্মুক্ত ভোটের মাধ্যমে ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘লরিয়াস খেলার সেরা মুহূর্ত’ বাছাই করা হবে। ২০টি মুহূর্ত থেকে একটিকে সেরা নির্বাচন করা হবে। ভোট শুরু হয়েছে ১০ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। বার্লিনে ১৭ ফেব্রুয়ারি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের মঞ্চে ঘোষণা করা হবে বিজয়ী সেরা মুহূর্তটিকে।