অধিনায়কত্ব ছাড়তে রাজি মালিঙ্গা

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মালিঙ্গাএক বছর আগে লাসিথ মালিঙ্গাকে টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরালেও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ হয়েছে, ঘরের মাঠে সিরিজ হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সম্প্রতি ভারত সফরেও তারা ব্যর্থ, প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর শেষ দুই ম্যাচ দাঁড়াতেই পারেনি।

ব্যর্থতার দায় মালিঙ্গা নিজের কাঁধে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন নেতৃত্ব থেকে, ‘আমি সবসময় প্রস্তুত, যেকোনও সময় (অধিনায়কত্ব) থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।’

ভারতে বল হাতেও ব্যর্থ মালিঙ্গা, দুই ম্যাচে ৪১ আর ৪০ রান দিয়ে উইকেট পাননি একটিও।

একটানা ব্যর্থতায় দলের ঐক্যে ফাটল ধরেছে বলে ধারণা শ্রীলঙ্কান গণমাধ্যমের। সানডে আইল্যান্ড পত্রিকা লিখেছে, ‘মনে হচ্ছে দলের মধ্যে বড় ধরনের বিভেদ আছে। অধিনায়ক হিসেবে তিনি (মালিঙ্গা) পূর্বসূরিদের মাঠের বাইরে বসিয়ে রেখেছেন।’

ইঙ্গিতটা থিসারা পেরেরার দিকে। দলের অন্যতম সেরা অলরাউন্ডারকে বাদ দিয়ে ভারত সফরে গিয়েছে শ্রীলঙ্কা, যার ফল ভালো হয়নি।