‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ডে বিস্মিত কোহলি

বিরাট কোহলি২০১২ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ান সমর্থকদের মধ্যমা দেখিয়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেছিলেন বিরাট কোহলি। পরিবার তুলে গালমন্দ করায় মেজাজ বিগড়ে গিয়েছিল, বলেছিলেন ভারতের ক্রিকেট অধিনায়ক। সাত বছর পর গত ওয়ানডে বিশ্বকাপে ওভালে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেয়ে যেন ওই ঘটনার শোধ তুলতে চেয়েছিল ভারতের সমর্থকেরা । কিন্তু কোহলি রুখে দাঁড়ান। এ আচরণের কারণেই ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড জেতা তার। তবে পুরস্কারটি পেয়ে তিনি বিস্মিত।

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি ও স্মিথ। মাঠে ব্যাট হাতে দোর্দণ্ড প্রতাপ দুজনেরই। তবে বিতর্কও দুজনের হাত ধরাধরি করে হাঁটে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে তো বড় একটি কলঙ্কই মাথা পেতে নিতে হয়েছে।। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন বিশ্বকাপ দিয়ে। তৃতীয় ম্যাচেই ভারতের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া । ওভালে ওই ম্যাচে ফিল্ডিং করার সময় স্মিথকে ‘প্রতারক’ বলে দুয়ো দিতে থাকেন ভারতীয় সমর্থকেরা । এটা দেখে চুপ থাকেননি কোহলি । গ্যালারির দিকে ছুটে এসে থামতে বলেন তাদের। বরং হাততালি দিয়ে অভিনন্দন জানাতে বলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে।

এর প্রায় তিন বছর আগে বেঙ্গালুরু টেস্টের এক ঘটনা কোহলি-স্মিথ দ্বৈরথে বড় ধরনের উত্তাপ তৈরি করেছিল । দ্বিতীয় ইনিংসে উমেশ যাদবের বলে এলবিডাব্লিউ হওয়ার পর রিভিউয়ের সিদ্ধান্ত নিতে ড্রেসিংরুমের দিকে তাকান অজি ব্যাটসম্যান, যা ডিআরএসের নীতিবিরোধী । আম্পায়ার তাকে বারণ করেন,  কোহলিও ক্ষুব্ধ হয়ে ছুটে যান তার দিকে।

অস্ট্রেলিয়ান সমর্থকদের কাছে চক্ষুশূলে পরিণত হয়েছিলেন কোহলি। তবে কঠিন সময়ে স্মিথের পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষ সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন। বিস্ময়টা সে কারণেই, ‘আমি পুরস্কার জিতে বিস্মিত, এত বছর ভুল কারণে আলোচনায় থাকার পর।’

ওই মুহূর্তে স্মিথের পাশে দাঁড়ানোর ব্যাখ্যা দিয়েছেন কোহলি, ‘ওই মুহূর্তে যেটা ঘটেছিল, যার জন্য পুরস্কার পেলাম, সেটা ছিল খুবই স্বাভাবিক। ওটা পরিকল্পিত ছিল না। ওই মুহূর্তটা ছিল আরেকজনের পরিস্থিতি উপলব্ধি করতে পারার। আমি মনে করি না অমন পরিস্থিতি কাটিয়ে ফেরা একজনের দুর্বলতার সুযোগ নেওয়া উচিত।’