দিনকয়েক আগে শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে খেলে গেছেন মালিক। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলার সময় অনেকেই তার কাছ থেকে জানতে চেয়েছিল পাকিস্তানের বর্তমান অবস্থা সম্পর্কে। আজ (বুধবার) লাহোরে সংবাদমাধ্যমকে পাকিস্তানি অলরাউন্ডার জানিয়েছেন তেমনটাই, ‘বাইরের দেশে খেলতে গেলে খেলোয়াড়রা প্রায়ই আমাকে জিজ্ঞেস করে পাকিস্তানের অবস্থা কেমন। পাকিস্তান আপনাকে যে নিরাপত্তা দেবে, কোথাও পাবেন না। বাংলাদেশের কিছু খেলোয়াড়রাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চেয়েছিল। তাদের আমি বলেছি, তোমাদের এসে নিজের চোখে দেখা উচিত।’
প্রায় পুরো শক্তির দল নিয়েই লাহোরের তিন টি-টোয়েন্টি খেলতে দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহরা। যাননি শুধু মুশফিক। এই উইকেটকিপারকে মালিকের বার্তা, “মাত্র একজন খেলোয়াড় (মুশফিক) আসছে না ব্যক্তিগত কারণে। আমি শুধু তাকে বলতে চাই ‘দয়া করে পরেরবার অবশ্যই আসবেন এবং নিজের চোখে সব দেখবেন’। বাংলাদেশ দল যখন এখানকার অবস্থা দেখবে, আমার মনে হয় যারা এবার আসেনি তারাও আশ্বস্ত হবে পরেরবার আসার জন্য।”
কুড়ি ওভারের সিরিজে নামার আগে বাংলাদেশেকে সমীহও করছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার, ‘বাংলাদেশ এখন শক্তিশালী দল। গত কয়েক বছর হলো তাদের ক্রিকেটীয় কাঠামো শক্তিশালী হয়েছে। খুবই ভারসাম্যপূর্ণ একটি দল আসছে। তবে আমাদের টি-টোয়েন্টি দলও পিছিয়ে নেই, অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই রয়েছে। বাবর আজমকে নিয়ে সারা বিশ্বেই আলোচনা হয়। যখন আমি অন্য দেশের লিগে খেলতে যাই, তারা সবাই প্রশংসা করে তার।’