উইকেটের সুবিধা কাজে লাগিয়েই ঢাকার সাফল্য

Mosaraf Rubelবিপিএলে মঙ্গলবার মোশারফ হোসেন রুবেলের ঘূর্ণিতে ৭৬ রানেই অলআউট হয়েছে চিটাগং ভাইকিংস। ৪ ওভারে ১৬ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে জানালেন উইকেট পাওয়ার রহস্য। তিনি বলেন, ‘উইকেটের সুবিধাতো একটু ছিলই।অবশ্য সুবিধা কাজে লাগানোর জন্য আমাদের ভালো জায়গায় বোলিং করতে হয়েছে।’
গত কিছুদিন ধরেই ঢাকার উইকেটে রান নেই। রান খড়ায় বিপিএল তৃতীয় আসর! মোশারফ মনে করেন বোলাররা ঠিক জায়গায় বোলিং করে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের ব্যাটিং করাটা কঠিন করে তুলছে।
বিপিএল দ্বিতীয় আসরে ঢাকার হয়ে খেলেছিলেন মোশারফ হোসেন রুবেল। গত আসরে আশরাফুলের সঙ্গে তার বিপক্ষেও স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফিরেছেন আবার ক্রিকেটে। কিন্তু মাঝখানে অনেক দিন ক্রিকেটের বাইরে থেকেছেন এই অলরাউন্ডার। এক্ষেত্রে বিপিএলটা তার জন্য চ্যালেঞ্জ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই বড় একটি চ্যালেঞ্জ ছিল আমার জন্য। এখনও আমি সেরা পারফরম্যান্স করতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি, আশা করি সামনে আরও ভালো পারফরম্যান্স করতে পারব।’
খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল ঢাকা ডায়নামাইটস। শেষ চারে টিকে থাকতে হলে মঙ্গলবার চিটাগংয়ের সঙ্গে জিততেই হতো স্বাগতিকদের। হারলেই শেষ চারে খেলার স্বপ্নটা ভেঙ্গে যেতে পারতো। এদিন চিটাগংকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারে খেলার পথ সহজ করে ফেলেছে ঢাকা। এখন চাপমুক্ত কিনা জানতে চাইলে মোশারফ রুবেল বলেন, ‘অবশ্যই। ম্যাচটি আমাদের জিততেই হতো। সেরা চারে যাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম। এই ম্যাচ জেতার ফলে এখন আমরা অনেকটাই এগিয়ে।’
বিদেশি ক্রিকেটারদের অধিনায়কত্ব করার ক্ষেত্রে স্থানীয় ক্রিকেটারদের ঠিকমতো না চেনাটা প্রতিবন্ধকতা কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘তাদের (বিদেশি ক্রিকেটার) জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাদের অভিজ্ঞতা নেই। ২-১টি খারাপ বল হয়ে গেলে ওদের আত্মবিশ্বাস কিংবা আস্থা হারিয়ে ফেলার ঝুঁকি থাকে। কিন্তু সাঙ্গাকারা খুব ভালো মানিয়ে নিয়েছে।’

/আরআই/এফআইআর/