দক্ষিণ আফ্রিকার ভাবনায় পাকিস্তান সফর

২০০৭ সালের পর পাকিস্তানে যায়নি দক্ষিণ আফ্রিকাবাংলাদেশের সফর সূচি চূড়ান্ত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানিয়েছিলেন, তাদের পরবর্তী লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে দেশে আনা। প্রোটিয়াদের সঙ্গে আলোচনার কথাও শুনিয়েছিলেন তিনি। সেই আলোচনা যে অনেক দূর গড়িয়েছে, সেটাই ফুটে উঠেছে ক্রিকইনফোর প্রতিবেদনে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটির খবর, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা মাথায় রেখে পাকিস্তানে নিরাপত্তা পরিদর্শক পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

ক্রিকইনফো জানিয়েছে, মার্চের শেষ দিকে সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে যেতে পারে প্রোটিয়ারা। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ আছে তাদের। ১২ মার্চ শুরু হয়ে তিন ম্যাচের সিরিজটি শেষ হবে ১৮ মার্চ। ওই সিরিজ শেষ করেই পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা।

এজন্য নিরাপত্তা ব্যবস্থা দেখতে পরিদর্শক পাঠাবে তারা। বাংলাদেশের টেস্টের সময় কিংবা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন যেতে পারে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পরিদর্শক দল। একটি নির্ভরযোগ্য সূত্র ক্রিকইনফোকে নিশ্চিত করেছে, নিরাপত্তা বিশেষজ্ঞ ররি স্টেইনের নেতৃত্বে একটি দল পাকিস্তান যাবে। তারা ওই সময় চলমান ম্যাচ দেখার সঙ্গে বিস্তারিত জানবেন লজিস্টিক বিষয়াদি সম্পর্কে, যার মধ্যে রয়েছে হোটেল, ‍যোগাযোগ ব্যবস্থা ও গ্রাউন্ড।

২০০৭ সালের অক্টোবরের পর পাকিস্তান সফরে যায়নি দক্ষিণ আফ্রিকা। ২০১০ ও ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে খেললেও সেটি ছিল সংযুক্ত আরব আমিরাতে। এফটিপি (ফিউচার ট্যুর প্রোগাম) অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার সূচি রয়েছে দক্ষিণ আফ্রিকার। তার আগেই ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্বল্প সময়ের জন্য পাকিস্তান সফরের পরিকল্পনা করছে প্রোটিয়ারা।