বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। যদিও নিরাপত্তার কারণে একসঙ্গে হচ্ছে না ম্যাচ দুটি। প্রথমটি হবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি, আর দ্বিতীয়টি শুরু হবে ৫ এপ্রিল। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের আগে প্রস্তুতিটা দারুণ হলো বাবর ও শানের। ‘টিম ওয়ান’-এর হয়ে বাবর ১৪১ বলে ১০১ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান। শানও একইভাবে প্যাভিলিয়নে ফিরেছেন ১৫৫ বলে ১০৩ রান করে।
পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলীর প্রস্তুতি অবশ্য ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি। মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিকও সুবিধা করতে পারেননি, মাত্র ২ রান করেছেন। ৫ উইকেটে ৩২০ রান নিয়ে প্রথমদিন শেষ করেছে ‘টিম ওয়ান’। অপরাজিত আছেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান (৪৫*) ও ফাহিম আশরাফ (২১*)।
তিনদিনের এই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করবে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি।