ব্রিসবেন হয়ে গোল্ডকোস্টে যাবে বাংলাদেশ দল। সেখানে বিসিবির খরচে ১৩ দিনের অনুশীলন ক্যাম্প চলবে। ১৪ ফেব্রুয়ারি থেকে আইসিসির অধীনে মেলবোর্নে ক্যাম্প করবেন সালমা-রুমানারা। মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে। তিনটি বিসিবির আয়োজনে, দুটি আইসিসির। থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শেষ হবে বাংলাদেশের।
একাডেমি মাঠে জাহানারা নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘আমরা মনে করছি এটা আমাদের ফিউচার ডিসাইডিং টুর্নামেন্টে। এখানে যদি আমরা ভালো করতে পারি তাহলে নারী ক্রিকেটেকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। একটি ম্যাচ জিততে পারলেই আমরা র্যাঙ্কিংয়ে চলে আসবো। তবে আমাদের লক্ষ্য অন্তত দুটি ম্যাচ জেতা।’
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ভারতের একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সালমার দল। এর বাইরে দেশেও নানাভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে জাহানারা বলেছেন, ‘আমরা ব্যাটিংয়ে একটু পিছিয়ে আছি। স্পিন বলে আমাদের কিছুটা দূর্বলতা আছে। ব্যাটিং নিয়ে আমরা কাজ করেছি। মেশিনে থ্রো ডাউন অনুশীলন করেছি। নেটে ছেলেদের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো। এছাড়া অস্ট্রেলিয়াতে আমরা ওখানে ১৩দিন আগে যাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ওই ক্যাম্পটা আমাদের সাহায্য করবে।’
দলের গুরুত্বপূর্ণ বোলার জাহানারা। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে শুরুতে ব্রেকথ্রু এনে দিতে চান জাহানারা, ‘দেখুন অস্ট্রেলিয়া ভিন্ন কন্ডিশন, আবহাওয়াতে পার্থক্য থাকবে। ওখানে পেস সয়াহক উইকেট হবে। আমার লক্ষ্য হচ্ছে ওপেনিং ব্রেকথ্রু এনে দেওয়া। ভালো শুরু এনে দিতে পারলে দলের জন্য ভালো হবে।’
সূচি:
২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকায় প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড এবং ২ মার্চ একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমার দল।