গোল্ডকোস্টে সালমাদের প্রথম অনুশীলন

ক্যাম্পের প্রথম দিনে অনুশীলন করছেন নারী ক্রিকেটাররাবাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। তার আগে গোল্ডকোস্টে ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার গোল্ডকোস্ট বিভাগীয় ক্রিকেট গ্রাউন্ডে প্রথম অনুশীলন করেছেন সালমা-জাহানারারা। অনুশীলনের মাঝেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবি নিজ উদ্যোগে অনুশীলন ক্যাম্পের ব্যবস্থা করেছে। ১৪ তারিখ পর্যন্ত গোল্ডকোস্টে ক্যাম্প চলবে, এরপর আইসিসির অধীনে ক্যাম্প হবে মেলবোর্নে। মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে। তিনটি বিসিবির আয়োজনে, দুটি আইসিসির। থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শেষ হবে বাংলাদেশের।

বিশ্বকাপে দুটি জয় পেলেই সন্তুষ্ট থাকবেন বলে জানিয়ে গেছেন অধিনায়ক সালমা খাতুন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা আছে বাংলাদেশের গ্রুপে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ এর আগে কখনও খেলেনি। এই প্রথম কুড়ি ওভারের ম্যাচে দুই তাসমান সাগর প্রতিবেশীর মুখোমুখি হবে। 

২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকায় প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড এবং ২ মার্চ একই ভেন্যুতে শ্রীলঙ্কার ‍মুখোমুখি হবে সালমার দল।