বাংলাদেশের বিপক্ষেও ‘অসাধারণ’ ফর্ম চান বাবর

বাবর আজম২০১৯ সালে সব সংস্করণে দারুণ সময় কাটান বাবর আজম। পাকিস্তানের রঙিন জার্সির অধিনায়ক একই ফর্মে থাকতে চান নতুন বছরও। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। বছরের প্রথম টেস্টেও একই প্রতিপক্ষ। মাঠে নেমে আরেকটি ‘অসাধারণ’ পারফরম্যান্সের প্রত্যাশা তার কণ্ঠে।

বাবর দেশের মাটিতে প্রথম টেস্ট খেলেন গত ডিসেম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই করেন সেঞ্চুরি। গত বছর ছিল আরও একটি সেঞ্চুরি ও তিন ফিফটি, যার একটি থেমেছে নড়বড়ে নব্বইয়ে- ৯৭ রানে। ৬ টেস্টে ৬৮.৪৪ গড়ে রান করেছেন, যা তার টেস্ট ক্যারিয়ারে এক বছরে সর্বোচ্চ।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন ব্যাট হাতে। গত বছর ওয়ানডেতে তার গড় রান ছিল ৬০.৬৬ আর টি-টোয়েন্টিতে ৪১.৫৫। এ বছর দুটি টি-টোয়েন্টি খেলেছেন, বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের এ সিরিজে হয়েছেন সেরা খেলোয়াড়।

একই ধারাবাহিকতা ধরে রাখতে চান পাকিস্তানের এ ব্যাটসম্যান, ‘২০১৯ সালে আমার ক্যারিয়ারের অসাধারণ সময় কাটিয়েছি। লাল ও সাদা বলের ক্রিকেটে এ সাফল্য ছিল চমৎকার। বাংলাদেশের বিপক্ষেও একই ফর্মের পুনরাবৃত্তি চাই।’

এ ম্যাচেও দর্শকদের সমর্থন বেশি করে চান বাবর। শ্রীলঙ্কা সিরিজের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এমন উষ্ণ অভ্যর্থনা ছিল দারুণ অভিজ্ঞতা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে যখন ব্যাট করছিলাম, তখন খুব উপভোগ্য ছিল। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আমাকে সেরাটা খেলতে উজ্জীবিত করেছে।’

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৫ এপ্রিল করাচিতে। এর দুই দিন আগে একই মাঠে দুই দল খেলবে একমাত্র ওয়ানডে।