ওয়ানডে অভিষেকেই নেপালি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

রেকর্ড গড়লেন কুশল মাল্লাকুশল মাল্লা হঠাৎ জানতে পারলেন, আন্তর্জাতিক ওয়ানডেতে তার অভিষেক হতে যাচ্ছে। কিন্তু দলে যোগ দেওয়ার জন্য এত অল্প সময় পেয়েছিলেন যে, স্কুলবন্ধুদের সেটা জানাতে পারেননি। অবশ্য এতক্ষণে শুধু বন্ধুরা নয়, পুরো বিশ্ব জেনে গেছে তার নাম। একদিনের ক্রিকেটে সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান এখন নেপালের এ ব্যাটসম্যান।

দেশের মাটিতে নেপালকে প্রথম ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কুশল। বিশ্ব রেকর্ড গড়ে এখন শচীন টেন্ডুলকার ও শহীদ আফ্রিদির সঙ্গে তার নাম উচ্চারিত হচ্ছে। ১৫ বছর ৩৪০ দিন বয়সী কুশলই এখন ওয়ানডের সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান। যার বদলি হয়ে দলে ঢুকেছেন, সেই রোহিত পাউডেলের রেকর্ড ভেঙেছেন তিনি। গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬ বছর ১৪৬ দিন বয়সী পাউডেল ফিফটির এ কীর্তি গড়েন।

আজ শনিবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল নেপাল। কীর্তিপুরে তারা ১৯০ রানে অলআউট হয়। যাতে ৫১ বলে চারটি চার ও তিনটি ছয়ে সাজানো ছিল কুশলের ৫০ রানের ইনিংস। এছাড়া ইনিংস সেরা ৫৯ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিনোদ ভান্ডারী। করন কেসি বল হাতে ৪ উইকেট নিয়ে আমেরিকাকে ১৫৫ রানে গুটিয়ে দেয়। ৩৫ রানে জেতে নেপাল।

রেকর্ড গড়ে উচ্ছ্বসিত কণ্ঠে কুশল বলেছেন, ‘আমি একটু চাপে ছিলাম না। মাঠে যখন ঢুকলাম, তখন নিজেকে বললাম দলের জন্য ভালো স্কোর করতেই হবে। দেশের মাটিতে এ রেকর্ড গড়া আমার জন্য দারুণ একটা মুহূর্ত।’