জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

167A9218সিলেটে প্রথম ওয়ানডেতে ৩২১ রান করে বাংলাদেশ। জবাবে ৩৬ ওভারে ৯ উইকেটে ১৩০ রান জিম্বাবুয়ের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের শুরু করার হাতছানি বাংলাদেশের সামনে। ১০৬ রানে জিম্বাবুয়ের ৭ উইকেট তুলে নিয়েছে তারা। সর্বশেষ উইকেট এসেছে রান আউটে। নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের যোগসাজশে স্ট্রাইকার্স এন্ডে রিচমন্ড মুতুম্বামি আউট হন ১৭ রানে। দুই ওভার পর ডোনাল্ড তিরিপানো ফিরতি ক্যাচ তুলে দেন মেহেদী হাসান মিরাজকে। মাত্র ২ রান করেন তিনি। এরপর সাইফ তার শিকার বানান কার্ল মুম্বাকে ১৩ রানে বোল্ড করে।

মোস্তাফিজ ও মিরাজের আঘাতে কাঁপছে জিম্বাবুয়ে

৪৪ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ে প্রতিরোধ গড়ে সিকান্দার রাজা ও ওয়েসলি মাধেভেরের জুটিতে। স্কোরবোর্ডে ৩৫ রান যোগ করে ভেঙে গেছে এ জুটি। মোস্তাফিজুর রহমানের বলে ডিপ মিডউইকেট বাউন্ডারিতে মাহমুদউল্লাহর ক্যাচ হন সিকান্দার, করেন ১৮ রান।

পরের ওভারে মেহেদী হাসান মিরাজ ফেরান মাধেভেরেকে। ৪৪ বলে ৫ চারে ৩৫ রান করে মাশরাফির হাতে ধরা পড়েন জিম্বাবুয়ান ব্যাটসম্যান। ৮৪ রান করতেই ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে।

তাইজুলের শিকার টেলর

গত বছরের জুলাইয়ে কলম্বোতে শেষ ওয়ানডে খেলেছিলেন তাইজুল ইসলাম। ৭ মাস পর রঙিন জার্সিতে মাঠে ফিরে দ্বিতীয় ওভারেই ব্রেন্ডন টেলরের গুরুত্বপূর্ণ উইকেট নেন। ১৫ বলে ৮ রান করে বোল্ড হন টেলর। ৪৪ রানে জিম্বাবুয়ে হারায় ৪ ‍উইকেট।

সাইফের পর মাশরাফির উইকেট উদযাপন

অষ্টম ওভারের প্রথম বলে চামু চিভাভাকে এলবিডাব্লিউর আবেদন করে সফল হন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু রিভিউ নিয়ে সিদ্ধান্ত পাল্টে দেন জিম্বাবুয়ের অধিনায়ক। তিনি বাঁচলেও ওই ওভারেই রিভিউ নিয়ে একটি উইকেট পান ডানহাতি ফাস্ট বোলার। রেগিস চাকাভার বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদনে আম্পায়ার না বলে দেন, এবার রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ১১ রানে মাঠ ছাড়েন জিম্বাবুয়ান ব্যাটসম্যান।

পরের ওভারে মাশরাফি মুর্তজা নেন জিম্বাবুয়ে অধিনায়ক চিভাভার উইকেট। মিড অনে মাহমুদউল্লাহ ক্যাচ নেন। ১০ রানে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার। গত বিশ্বকাপে ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে এর আগে শেষবার বাংলাদেশের জার্সিতে খেলেন মাশরাফি। ৮ মাস পর মাঠে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট উদযাপন করলেন।

শুরুতেই সাইফের আঘাত

জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙতে বাংলাদেশের লেগেছে মাত্র ১০ বল। দ্বিতীয় ওভারে তিনাশে কামুনহুকামবেকে বোল্ড করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাতে ১ রানে বিদায় নেন ওপেনার, দলের স্কোরও ছিল একই।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান

লিটন দাসের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে সিলেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ করে ৬ উইকেটে ৩২১ রান, যা জিম্বাবুয়ের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান। গরমে কাহিল হওয়া লিটন ৩৭তম ওভারে ১২৬ রানে রিটায়ার্ড হার্ট হন। মোহাম্মদ মিঠুনের ফিফটি এবং মাহমুদউল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ছোটখাটো ঝড় বাংলাদেশকে এনে দেয় চ্যালেঞ্জিং স্কোর।

৪১ বলে ৫০ রান করেন মিঠুন। ২৮ বলে ৩২ রানে মাহমুদউল্লাহ আউট হলেও সাইফ ১৫ বল খেলে ২৮ রানে অপরাজিত ছিলেন।