উন্মুক্ত দলবদলে উৎসবমুখর পরিবেশ

মোহামেডানে রাজ্জাকক্রিকেটারদের আন্দোলনের মুখে উন্মুক্ত পদ্ধতিতেই এবারের দলবদল হলো। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের দল বদল শেষ করেছে সাতটি ক্লাবের ৫৪ জন ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটাররা ৫ মার্চ সিলেটে দলবদলে অংশ নেবেন। তবে মিরপুরে আরও দুইদিন চলবে দলবদল প্রক্রিয়া। আগামী ১৫ মার্চ কক্সবাজার ও চট্টগ্রামে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এ প্রতিযোগিতা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সিসিডিএমের কার্যালয়ে সকাল ১১টা থেকে চারটা পর্যন্ত দলবদলে অংশ নেন ক্রিকেটাররা। সবার আগে দলবদল করতে আসেন আবাহনীর পাঁচ ক্রিকেটার। বিশ্বকাপজয়ী দলের পেসার তানজিম হাসান সাকিব ছাড়াও এই দলে আছেন আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি ও শহীদুল ইসলাম। গত বছর প্রথম বিভাগ ক্রিকেটে ওল্ডডিওএইচএসের হয়ে খেলা রাকিবুল ইসলাম রাজুও নাম লেখান আবাহনীতে।

বাঁহাতি স্পিনার আরাফাত সানি প্রাইম দোলেশ্বর থেকে আবাহনীতে, রোমাঞ্চিত কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আবাহনীতে খেলবো, দারুণ লাগছে। জাতীয় দল ও এর বাইরে যারা আছি- সবমিলিয়ে চমৎকার একটি দল আবাহনী। আমরা আমাদের নামের সদ্ব্যবহার করতে পারবো আশা করি।’

একমাত্র ক্রিকেটার হিসেবে ওল্ডডিওএইচএসে নাম লিখিয়েছেন যুব বিশ্বকাপে আলো ছড়ানো রাকিবুল হাসান। আগামী ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে বাঁহাতি এই স্পিনারের দিকে নির্বাচকদের বাড়তি নজর আছে। দলবদল করে রাকিবুল জানালেন, ‘এখানে ভালো করতে পারলে সামনের পথ প্রস্তুত হবে। চাপমুক্ত হয়ে ভালো খেলতে পারবো বলে বিশ্বাস করি।’

কামরুল ইসলাম রাব্বি, রনি তালুকদার, রাকিবুল হাসান, নাজমুল ইসলাম অপুসহ ৯ ক্রিকেটার নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। এছাড়া যুব দলের পেস আক্রমণে নেতৃত্ব দেওয়া শরিফুল ইসলাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংকে। নিজেদের দল নিয়ে দারুণ উচ্ছ্বসিত রনি তালুকদার, ‘খুবই ভালো লাগছে, কারণ আমরা সবসময়ই চাই উন্মুক্ত পদ্ধতিতেই দল হোক। সব খেলোয়াড়রা আসলে এটাই চায়। প্রাইম ব্যাংক দলটি অনেক ভারসাম্যপূর্ণ হয়েছে। আশা করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করতে পারবো।’

ওল্ডডিওএইচএসে রাকিবুলঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ক্রিকেটার শামীম হোসেনসহ আরও তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে প্রাইম দোলেশ্বর। বুধবার ও বৃহস্পতিবার বাকি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করবে তারা।

বাংলাদেশের প্রথম পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল মোহামেডান ছেড়ে নাম লিখিয়েছেন শেখ জামাল স্পোর্টিং ক্লাবে। দলবদল করতে এসে মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘অন্যবারের চেয়ে এবার ভালো হয়েছে। উন্মুক্ত হওয়ার পরও অনেকেরই দল পেতে কষ্ট হয়েছে। এই প্রতিযোগিতা আমাদের ক্রিকেটের জন্য ভালো।’ তার সঙ্গী হিসেবে সোহরাওয়ার্দী শুভ, আব্দুল হালিম ও সৈকত আলীও আজ দলবদল করেছেন।

প্রথম দিনের দলবদলের শুরুটা হয়েছিল ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীকে দিয়ে। দিনের শেষটা করেছে আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। তাসকিন আহমেদ, শামসুর রহমান, আব্দুর রাজ্জাক, আবু জায়েদ রাহীদের নিয়ে ভালো মানের দল গড়েছে তারা। এই দলে যুব বিশ্বকাপ দলের ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন আছেন।

প্রাইম ব্যাংক ছেড়ে মোহামেডানে নাম লেখানো অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রাজ্জাক নতুন দল নিয়ে দারুণ খুশি, ‘মোহামেডানে খেলা দারুণ ব্যাপার। আবাহনী-মোহামেডানের সেই ধারা না থাকলেও আমাদের খেলোয়াড়দের মধ্যে এই ব্যাপারটি এখনও আছে। মাঠে নামলে আমাদের মধ্যে ভিন্নরকম অনুভূতি হয়। আমি আশা করি প্রিমিয়ার লিগটি জমজমাট হবে।’

তাসকিন আহমেদ মোহামেডানেসিসিডিএমের সমন্বয়ক আমিন খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘উন্মুক্ত পদ্ধতিতে দলবদল অবশ্যই ভালো হয়েছে। খেলোয়াড়রা যে যার মতো স্বাধীনভাবে দল নির্বাচন করতে পেরেছে। এটাতো ক্রিকেটারদের স্বার্থেই করা। আমরা আশা করি সবকিছু মিলিয়ে দারুণ একটি লিগ মাঠে গড়াবে।’

দলবদলের প্রথম দিন শেষে কে কোন দলে:

আবাহনী লিমিটেড: তানজিম হাসান সাকিব, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল ইসলাম রাজা, আরাফাত সানি ও শহীদুল ইসলাম।

ওল্ডডিওএইচএস স্পোর্টিং ক্লাব: রাকিবুল ইসলাম।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, রকিবুল হাসান, অমিত মজুমদার, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, কাজী কামরুল ইসলাম, আরাফাত সানি মৃধা ও আলী মোহাম্মদ ওয়ালিদ।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: রায়হান উদ্দিন, জয়রাজ শেখ ইমন, শরিফউল্লাহ, শামীম হোসেন ও শফিকুল ইসলাম।

শেখ জামাল স্পোর্টিং ক্লাব: মোহাম্মদ আশরাফুল, সোহরাওয়ার্দী শুভ, আব্দুল হালিম ও সৈকত আলী।

পারটেক্স স্পোর্টিং ক্লাব: রনি হোসেন, শরিফুল ইসলাম, আব্বাস মূসা আলভি, মহিউদ্দিন বেলাল, হাসানুজ্জামান, মোসাদ্দেক ইফতেখার, রাজিবুল ইসলাম, শাহবাজ চোহান, জনি তালুকদার, নাজমুল হোসেন মিলন, তাসামুল হক ও সাইফুল হায়াত ‍হৃদয়।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ইমতিয়াজ হোসেন, খালেদ আহমেদ, নূর আলম সাদ্দাম ও সালমান হোসেন ইমন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: তাসকিন আহমেদ, আসিফ হোসেন মিতুল, শাকিল হোসেন, মাহমুদুল হাসান, শামসুর রহমান, শুভাগত হোম, আব্দুর রাজ্জাক, পারভেজ হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, টিপু সুলতান, রনি চৌধুরী ও জহিরুল ইসলাম অমি।