‘পঞ্চাশতম’ জয়ে রঙিন হবে অধিনায়ক মাশরাফির বিদায়?

অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে খেলা হচ্ছে না মুশফিকের। তাই অনুশীলনেই হয়তো শুভকামনা জানালেন উইকেটকিপার ব্যাটসম্যান

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করায় শুক্রবারের ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়। কিন্তু বৃহস্পতিবার মাশরাফির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর ম্যাচটির গুরুত্ব বেড়েছে। মাশরাফিকে শেষবার নেতৃত্বে দেখতে সিলেটের ক্রিকেটপ্রেমীদের মনে রোমাঞ্চ-উত্তেজনা বিরাজ করছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। মাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।

গত দেড় বছর ধরে ওয়ানডে ফরম্যাটে কোনও দলকে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। উল্টো ২০১৯ সালে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুইবার হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজ জার্সীধারীরা। জিম্বাবুয়েকে আজ হারাতে পারলেই হয়তো এই খরা কাটাতে পারবে স্বাগতিকরা। ২০১৮ সালের অক্টোবরে শেষবার জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল বাংলাদেশ।

তবে জয়-পরাজয়ের হিসেব ছাপিয়ে এই ম্যাচটি ভিন্ন কারণে গুরুত্ব পাচ্ছে। শুক্রবার আজকের ম্যাচটি দিয়েই অধিনায়ক মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন। বিদায়ী ম্যাচে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাশরাফি। শুক্রবার জিম্বাবুয়েকে হারাতে পারলেই অধিনায়ক হিসেবে পঞ্চাশতম জয়ের স্বাক্ষী হবেন। ৮৭ ম্যাচে ৪৯ ওয়ানডে জিতে দেশের ক্রিকেটে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। এবার আর একটি জয় তাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।

যদিও এমন মাইলফলক সামনে দাঁড়িয়ে মাশরাফি খুব একটা রোমাঞ্চিত নন, ‘মাইফলক আমার কাছে গুরুত্বপূর্ণ কখনোই গুরুত্বপূর্ণ ছিলো না। মাইফলকের চেয়ে বাংলাদেশের জয়টাই সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ।’

অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আসছে। দ্বিতীয় ওয়ানডে খেলা শফিউল ইসলাম বিসিবির অনমুতি নিয়ে ঢাকায় গেছেন অসুস্থ বাবাকে দেখতে। তার বদলে একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। এর বাইরেও বেশ কিছু  পরিবর্তন হবে আগের ম্যাচ থেকে। পাকিস্তান সফরের ওয়ানডে দলকে পরখ করে নিতেই এমন উদ্যোগ নিয়েছে নির্বাচকরা। যার ফলে মুশফিকের বদলে আফিফ হোসেনের অভিষেক হওয়ার জোড় সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে আঙুলে চোট পাওয়া নাজমুল হোসেন শান্তর বদলে দেখা যেতে পারে আরেক তরুণ মোহাম্মদ নাঈমকে। আর সাইফউদ্দিনের জায়গাতে শেষ ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পাওয়া সৌম্য সরকারের সুযোগ হতে পারে।

যদিও ম্যাচ নিয়ে অধিনায়ক হিসেবে স্পষ্ট ধারনা দিতে পারলেন না, ‘একাদশ নিয়ে সত্যি কথা এত তাড়াতাড়ি আলোচনা হয়নি। এটা আপনারাও জানেন। জয়ের জন্য সেরা একদাশটাই আমরা মাঠে নামাবো।’

অধিনায়ক মাশরাফির যাত্রাটা শুরু হয়েছিল জিম্বাবুয়ে বিপক্ষে। আফ্রিকার দেশটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগ মুহূর্তে অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। সেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই মাশরাফির অধিনায়কত্ব অধ্যায় শেষও হচ্ছে। ২০১৫ বিশ্বকাপের আগ মুহূর্তে সেবার জিম্বাবুয়েকে ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবারের সিরিজ তিন ম্যাচের। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে থাকা মাশরাফির দল এবারও হয়তো আগের পুনরাবৃত্তি করবে!