শুরুতেই মাশরাফির উইকেট

মাশরাফিবৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে এসেছে সিলেটের তৃতীয় ওয়ানডে। বাংলাদেশ ৩২২ করলেও ডাকওয়ার্থ-লুইস মেথডে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৪২। কঠিন লক্ষ্যে জিম্বাবুয়ের স্কোর ১ ওভারে ১ উইকেটে ৫।

অধিনায়ক মাশরাফি-অধ্যায় শেষ হচ্ছে আজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি তাই তার জন্য ‘বিশেষ’। বোলিংয়ে এসেই উপলক্ষটা রাঙিয়ে নিলেন মাশরাফি। শুরুতেই টিনাশে কুমুনুকামওয়ে ফিরিয়ে পেয়েছেন প্রথম উইকেট।

কঠিন লক্ষ্যে নেমে শুরুতেই বিপদে জিম্বাবুয়ে। মাশরাফির আউট সুইং কুমুনুকামওয়ের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়লে সফরকারীরা হারায় প্রথম উইকেট। আউট হওয়ার আগে জিম্বাবুয়েন ওপেনার করেন ৪ রান।

৪৩ ওভারেই বাংলাদেশের রান ৩২২

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস খেললেন লিটন দাস। তামিম ইকবাল পেলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। দুজন মিলে উদ্বোধনী তো বটেই, গড়লেন ওয়ানডেতে যেকোনও উইকেটে দেশের সর্বোচ্চ রানের জুটি। রেকর্ডময় ম্যাচে হলো রান উৎসব। তাই বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচেও বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২২। ডাকওয়ার্থ-লুইসে জিম্বাবুয়ের লক্ষ্য নির্ধারণ হয়েছে অবশ্য ৪৩ ওভারে ৩৪২।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তৃতীয় ওয়ানডেটি অধিনায়ক হিসেবে মাশরাফি মুর্তজার শেষ ম্যাচ। তার নেতৃত্বের শেষটা জয়ে রাঙানো স্বপ্ন দলের সব খেলোয়াড়ের। তবে লিটন-তামিম মিলে যেটা করলেন, সেটা হয়তো স্বপ্নেও ভাবেনি কেউই। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে লিটন খেললেন ১৭৬ রানের ঝলমলে ইনিংস। আর তামিম? তাকে তো আউটই করতে পারেননি জিম্বাবুইয়ান বোলাররা। টানা দ্বিতীয় শতক পূরণ করে বাঁহাতি ওপেনার অপরাজিত থাকেন ১২৮ রানে।