আজ (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩২ বলে সৌম্যর অপরাজিত ৬২ রানের টর্নেডো ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ (২০০) দাঁড় করায় বাংলাদেশ। ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় গ্যালারিতে উৎসব করার উপলক্ষ এনে দেন তিনি। এমন ইনিংস খেলার পর পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও।
স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে এলো তার চুক্তিতে না থাকার প্রসঙ্গটি। সৌম্য বললেন, ‘সত্যি কথা বলতে ওভাবে কিছু চিন্তা করিনি। চিন্তায় ছিলাম বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। ফোকাস বেশি ছিলাম। ওই জিনিসটা (চুক্তি) আমার হাতে নেই, চাইলেই তো আমি পরিবর্তন করতে পারব না।’
তার কিছুই পরিবর্তন করতে হয়নি, ম্যাচ শুরুর আগেই জানতে পেরেছিলেন ‘ভুলবশত’ তার নাম কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছে। ‘ব্যাটিংয়ের আগেই জেনেছি’— হাসিমুখে চুক্তিতে থাকার খবরটা সৌম্য দিয়ে গেলেন সংবাদ সম্মেলনে।