ঢাকা লিগে হ্যান্ডশেক বারণ

ঢাকা প্রিমিয়ার লিগের সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকরোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে রবিবার মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার  ক্রিকেট লিগ। যেখানে অংশ নেবে ঢাকার ১২টি ক্লাব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগ হবে বঙ্গবন্ধুর নামে। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে  যে  সব বিধিনিষেধ মেনে চলা  হচ্ছে, সেগুলো  ঘরোয়া ক্রিকেটেও অনুসরণ করাটা নিশ্চিত করবে বিসিবি।

অন্যান্য দেশের মতো করোনাভাইরাস এড়াতে মাঠে খেলোয়াড়দের মাঝে হাত মেলানোর অভ্যাসকে নিরুৎসাহিত করছে বিসিবি। খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের জন্য কাজ করবে বিসিবির মেডিকেল টিম। সংবাদ সম্মেলনে বিসিবির সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘করোনাভাইরাস বিবেচনায়  রেখে  সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে ও চিকিৎসা পরামর্শ দিয়েছে সেগুলো আমরা অনুসরণ করবো। কোনও খেলোয়াড় বা অফিশিয়াল একটুও অসুস্থ হলে বা কোনও উপসর্গ ধরা পড়লে তখনই যেন তারা বিসিবির মেডিকেল টিম ও ক্লাবকে জানায়। ক্লাব যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো। ’

মিরপুরে ১২টি ক্লাবের কর্মকর্তা, অধিনায়ক, ম্যানেজারের সঙ্গে শনিবার বৈঠকে বসছে বিসিবি। সেখানেও  আলোচনার  মূল বিষয় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ। আন্তর্জাতিক  ক্রিকেটে  যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা  হচ্ছে সেগুলো  ঘরোয়া  ক্রিকেটেও অনুসরণ করার ব্যাপারটি নিশ্চিত করবে বিসিবি, বলেছেন নিজামউদ্দিন চৌধুরী,  ‘হ্যান্ডশেকের যে রীতি  আছে সেটা  কীভাবে কমানো যায়, সেটা নিয়ে আমরা ভাববো। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এখন আমরা নিরুৎসাহিত করছি হ্যান্ডশেক করতে। আমরা আন্তর্জাতিক ম্যাচে দর্শক কমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা লিগের ম্যাচে হয়তো দর্শকদের জন্য বিধিনিষেধ প্রয়োজন হবে না। তারপরও আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবো। ’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। প্রাণঘাতী ভাইরাসটি যাতে না  ছড়ায়  সেজন্য  সতর্কতার  অংশ  হিসেবে  বিসিবি  স্থগিত  করেছে  মুজিবর্ষের  বিশ্ব একাদশ-এশিয়া একাদশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। তবে  ঘরোয়া  ক্রিকেট  পূর্বসূচি  অনুযায়ী  চালু  রাখছে  বিসিবি।