লগডাউন করা হয়েছে গোটা ভারত। এতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে দিনমজুরদের। তাদের সাহায্য করতে টেন্ডুলকারের ৫০ লাখ রুপি দান করার খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। প্রধানমন্ত্রীর রিলিফ তহবিল ও মুখ্যমন্ত্রীর রিলিফ তহবিলে ২৫ লাখ রুপি করে জমা করছেন ভারতীয় কিংবদন্তি।
করোনায় ভালো নেই ভারত। দেশটিতে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। কঠিন এই পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন টেন্ডুলকার। ভারত সরকারের তহবিল সংগ্রহের কাজে নিয়োজিত এক কর্তা পিটিআইকে বলেছেন, ‘শচীন টেন্ডুলকার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রিলিফ তহবিলে ২৫ লাখ রুপি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সুবিধাবঞ্চিতদের ৫০ লাখ রুপি মূল্যের ধান দেওয়ার ঘোষণা দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি পুনেভিত্তিক একটি এনজিওকে দিয়েছেন ১ লাখ রুপি। এছাড়া পাঠান ভাইদ্বয়- ইরফান ও ইউসুফ ৪ হাজার মাস্ক দিয়েছেন বরোদা পুলিশকে।