তার সঙ্গে এবার নতুন আরেকটি কাজ শুরু করেছে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’। নড়াইল সদর হাসপাতাল গেটে স্থাপন করা হয়েছে ‘ডিসইনফেক্টর চেম্বার’। হাসপাতালে প্রবেশের মুখে এই চেম্বারের মধ্যে দিয়ে কেউ প্রবেশ করলে তার শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। স্টিম বা বাষ্প ছিটানো এ স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি, যা ছিটালে শরীর ভিজে যাবে না আবার জীবাণুও মরে যাবে।
চিকিৎসক, নার্স, রোগী, সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক, অ্যাম্বুলেন্স চালক, হাসপাতালে প্রবেশ ও প্রস্থানকারী সবাই এতে উপকার পাবেন। সবাই জীবাণুর হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। জীবাণুনাশের এমন আধুনিক ও ব্যয়বহুল পদ্ধতি নড়াইলে চালু করায় ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার সন্ধ্যায় এই ডিসইনফেক্টর চেম্বার উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মোর্তজা স্বপন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবুসহ অনেকে।