করোনার সংক্রমণ বাংলাদেশে বেড়েই চলেছে। আজ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার। আর মারা গেছেন ১৪০ জন। করোনা প্রতিরোধে শুরু থেকেই সতর্ক করে যাচ্ছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বার্তা দিয়ে চলেছেন তিনি। করোনায় বিপদে পড়া মানুষদের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগও নিচ্ছেন এই অলরাউন্ডার। এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করোনা থেকে মুক্তির প্রার্থনা করেছেন তিনি।
সাকিব লিখেছেন, ‘সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারির। এই মহামারির প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।’
করোনা মোকাবিলায় সাকিব তার ফাউন্ডেশনের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন দুস্থ-অসহায়দের। এছাড়া হাসপাতালের জন্য ব্যবস্থা করেছেন বিভিন্ন সরঞ্জামাদি। তহবিল গঠনে নিজের ব্যাটও নিলামে তুলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।