যুব বিশ্বকাপের দুটি স্মারক নিলামে তুলছেন আকবর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীবাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আকবর আলীর নাম উজ্জ্বল আলো ছড়াচ্ছে। তার নেতৃত্বেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। করোনাকালে সিনিয়র ক্রিকেটাররা যখন এগিয়ে এসেছেন অসহায়দের সাহায্যার্থে, বসে নেই তরুণ এই ক্রিকেটারও। যুব বিশ্বকাপজয়ী জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলার ঘোষণা দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

আজ (বৃহস্পতিবার) দুপুরে নিজের ফেসবুক পেজে আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন, ‘নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১. ফাইনালের ম্যাচ জার্সি, ২. ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি।’

নিলামের পুরো অর্থ করোনার ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহার করা হবে বলে জানিয়েছেন আকবর, ‘নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’

এমন উদ্যোগ নিতে পেরে দারুণ তৃপ্ত আকবর, বাংলা ট্রিবিউনকে জানালেন সেটাই, ‘কারও জন্য কিছু করতে পারা সবসময়ই তৃপ্তির। আমি কিছু করতে পারলে ভালো লাগবে। এই ভাবনা থেকেই আসলে কিছু করার চেষ্টা করছি।’

বিশ্বকাপজয়ী আকবরের কাছে তার জার্সি ও ব্যাটিং গ্লাভস বিশেষ কিছু। ওই জার্সি ও গ্লাভস পরেই ফাইনালে ভারতকে হারাতে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেছিলেন তিনি। কেন এমন উদ্যোগ, এমন প্রশ্নে আকবর বললেন, ‘অবশ্যই আমার ছোট্ট ক্যারিয়ারে এটা বিশাল অর্জন। এই অর্জনের স্মৃতি হিসেবে এগুলো আমরা কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু করোনার এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার জায়গা থেকে সেই চেষ্টাই করছি। আশা করি ক্রিকেট ভক্তরা আমাকে সহযোগিতা করবে।’

সবার আগে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তোলেন ‘অকশন ফর অ্যাকশন’ নামের নিলাম প্লাটফর্মে। সেখানে সাকিবের ব্যাটটি পাওয়ার জন্য দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পড়ে। শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় ব্যাটটি কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। 

সাকিবের পর মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, সৌম্য সরকার, এনামুল হক, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন তাদের স্মারক নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর।