করোনা পরীক্ষা হবে তামিম-মুশফিকদের

খেলায় ফেরার আগে করোনা পরীক্ষা হবে সব ক্রিকেটারের (ফাইল ছবি)করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্বই স্থবির। বন্ধ ক্রিকেটসহ প্রায় সব খেলা। কবে মাঠে খেলা ফিরবে, তার কোনও নিশ্চয়তা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য সতর্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই ক্রিকেটারদের মাঠে ফেরাবে তারা। শুধু তা-ই নয় ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে করোনা টেস্ট করানোর চিন্তাও করছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

তবে এখনই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাঠে ফেরার আগে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের করোনা পরীক্ষা করা হবে। তাছাড়া কোচিং স্টাফ ও মাঠের সঙ্গে জড়িত সবার করোনা টেস্ট করানোর পরিকল্পনা বিসিবির।

তেমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী, ‘কোভিড টেস্ট এখনও বেসরকারি ব্যবস্থাপনার অধীনে শুরু হয়নি। এটি এখনও সরকারি ব্যবস্থাপনায় চলছে এবং সরকারি ব্যবস্থাপনায় এই পরীক্ষা চালানোর জন্য কিছু প্রোটোকলও রয়েছে। আশা করছি আগামী এক মাসের ভেতরে বেসরকারি ব্যবস্থাপনায় করোনা টেস্ট করার অনুমতি দেবে সরকার।’

আর সেটি শুরু হলেই বিসিবি নিজেদের ব্যবস্থাপনায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বলে জানিয়েছেন তিনি, ‘তখন অ্যাপোলো, ইউনাইটেড বা অন্যান্য বড় হাসপাতালে করোনা টেস্ট করা যাবে। সবার জন্যই উন্মুক্ত থাকবে তখন। যদি এমন কিছু না হয় তাহলে বিসিবি সরকারের কাছে বিশেষ অনুমতির আবেদন করবে। আমরা চাই না ছেলেরা স্বাস্থ্যঝুঁকিতে থাকুক। তাই মাঠে নামার আগে তাদের টেস্ট করানো হবে।’

এমন চিন্তার যথেষ্ট কারণও আছে বিসিবির। উপসর্গ ছাড়াই অনেকের করোনা ধরা পড়ছে। ফলে ঝুঁকি এড়াতে নিজেরাই করোনা পরীক্ষা করানোর পক্ষে বিসিবি।