জুলাইতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

নির্ধারিত সূচিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করতে চায় শ্রীলঙ্কাকরোনাভাইরাস পরিস্থিতি প্রতিদিন খারাপের দিকেই যাচ্ছে বাংলাদেশে। আজ (সোমবার) আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এই অবস্থার মধ্যে ক্রিকেট শুরুর চিন্তা-ভাবনা একেবারেই নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে আন্তর্জাতিক সূচি নিয়ে ঠিকই ভাবতে হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাকে। কেননা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জুলাইয়ে নির্ধারিত সূচিতেই আয়োজন করতে ইচ্ছুক।

কোভিড-১৯ রোগে ক্রিকেট বিশ্বের সব খেলা বন্ধ। আন্তর্জাতিক অনেক সিরিজ স্থগিত হয়ে গেছে। শ্রীলঙ্কাতেও স্থগিত হয়েছে ইংল্যান্ড সিরিজ। তবে দ্বীপ দেশটিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকায় তারা সামনের সিরিজগুলো আয়োজনের সাহস দেখাচ্ছে। তাদের ঘরের মাঠে জুনে রয়েছে ভারত সিরিজ, এরপরই আছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। দুটো সিরিজ নির্ধারিত সময়ে আয়োজনের কথা জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করছি, আমরা তাদের জবাবের অপেক্ষা আছি। এখন পর্যন্ত ওই দুটি সিরিজ কিন্তু স্থগিত হয়নি।’

তবে ‍শুধু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ইচ্ছা থাকলেই হবে না, করোনাভাইরাসে কারণে ম্যাচ কিংবা সিরিজ আয়োজনে সরকারের ‘সবুজ সংকেত’-এর প্রয়োজনীয়তাও রয়েছে। করোনার কারণে শ্রীলঙ্কায় কারফিউ জারি হয়েছিল, সেটি এখন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। কোভিড-১৯ রোগে দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ শ’র কম। অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। কিন্তু শ্রীলঙ্কায় এখনও বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

যে দুটি দেশের বিপক্ষে তারা সিরিজ আয়োজন করতে চাইছে, সেই বাংলাদেশ ও ভারতেও বিমান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। দুটি দেশেই করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তাছাড়া খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টিও রয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কার ডাকে সাড়া দিতে অনেক কিছুই ভাবতে হচ্ছে বিসিবি ও বিসিসিআইকে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী তেমনটাই জানিয়েছেন ক্রিকইনফোকে, ‘বাংলাদেশের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিতে নজর রাখতে হবে আমাদের। একই সঙ্গে দুই দেশের কোয়ারেন্টিনের নিয়ম-নীতিও দেখতে হবে। আমরা বিষয়গুলো নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডর সঙ্গে কথা বলছি। সবার আগে আমাদের খেলোয়াড়দের বিষয়টি মাথায় রাখতে হবে। খেলোয়াড়রা অনুশীলনে ফিরলে সফরের বাকি দিকগুলো আমরা বের করতে পারব।’

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধামাল জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ভারতীয় সরকার দলকে ভ্রমণের অনুমতি না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বোর্ডের কিছুই করার নেই।

সূচি অনুযায়ী, জুনে তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতের। এরপরই জুলাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার সূচি বাংলাদেশের।

এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে শ্রীলঙ্কা। নতুন সূচিতে সিরিজটি হবে সামনের বছরের জানুয়ারিতে।