কয়েক মাস আগে এসএস-এর নতুন কিছু ব্যাট এনেছেন মুশফিক। কিন্তু করোনাভাইরাসের কারণে সেগুলো দিয়ে খেলার সুযোগ পাননি। কিছুদিন আগে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় ‘ব্যাটগুলো কাঁদছে’ বলে জানিয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘সত্যি কথা বলতে, এখন বিরক্ত লাগছে কিছুটা। খারাপ লাগছে। কারণ ব্যাট মিস করছি অনেক। বাসায় ব্যাট আছে, প্রতিদিন ব্যাট ধরি। এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কান্না করছে। কবে যে ব্যাটিং করব।’
করোনাভাইরাসের কারণে অনেকদিন মাঠে যাওয়া হয় না মুশফিকের। অনুশীলন কিংবা নেটে ব্যাটিংও তাই সম্ভব হয়নি। বাইরে যাওয়ার সুযোগ না থাকায় ঘরেই ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু এতে মন ভরছে না তার। আজ হয়তো কিছুটা হলেও তৃপ্তি মিলেছে মুশফিকের। নিজের বাসার গ্যারেজে করেছেন ব্যাটিং অনুশীলন, বাদ যায়নি কিপিংয়ের কাজটাও।
আজ ট্রেডমিলে দৌড়ানো পর্ব শেষ করে গ্যারেজে নেমে আসেন মুশফিক। ব্যাটিং ও কিপিং অনুশীলন করেন কিছুক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুশীলনের ভিডিও ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। ৩ মিনিটের ভিডিওতে দেখা গেছে, টেনিস বলে হালকা নক করার পাশাপশি কিপিং করছেন মুশফিক। করোনার এই কঠিন সময়ে এটাইবা কম কীসে!