সাউদাম্পটন টেস্ট হারের পর ইংল্যান্ড দলের সদস্যরা আলাদাভাবে যাত্রা করেছিলেন ম্যানচেস্টারে। আসার পথে ব্রিস্টলে নিজের বাড়িতে এক ঘণ্টা সময় কাটিয়ে আসেন আর্চার। তাতে ‘বায়ো-সিকিউর’ বিধি ভাঙায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন তিনি। তবে পাঁচ দিন আইসোলেশনে কাটিয়ে করোনা পরীক্ষায় উতরে যাওয়ায় তৃতীয় টেস্টের স্কোয়াডে ফিরেছেন বার্বাডোসে জন্ম নেওয়া এই পেসার।
‘শিশুসুলভ’ ভুল করায় অনেক সমালোচনার শিকার হয়েছেন আর্চার। এমনকি তাকে লম্বা সময়ের জন্য দলে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল। যদিও অধিনায়ক রুট তার পক্ষে ব্যাট ধরেছেন। তৃতীয় টেস্টের আগে ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, জোফরা (তৃতীয় টেস্টের জন্য) প্রস্তুত। অনুশীলনে দারুণ দুটি দিন পার করেছে এবং সে তার মুখে হাসি ফিরে পেয়েছে। নেটে গত কয়েকদিন বিদ্যুৎ গতিতে বল করেছে, যেটা আমাদের ব্যাটারদের জন্য মোটেও সুখের ছিল না।’
রুট সঙ্গে যোগ করেছেন, ‘গত সপ্তাহ জুড়ে যা হয়েছে, সেটা সত্যিই জঘন্য। দল হিসেবে আমরা চেষ্টা করব তার পাশে থাকার। একই সঙ্গে এটা নিশ্চিত করবো সে যেন বুঝতে পারে আমরা ওর জন্য আছি।’
তৃতীয় ও শেষ টেস্টে মধুর সমস্যায় ইংল্যান্ড। স্কোয়াডে পেসারদের ছড়াছড়ি। আর্চারের সঙ্গে ম্যানচেস্টার টেস্টে ফিরেছেন জেমস অ্যান্ডারসন ও মার্ক উড। ১৪ সদস্যের দলে আগে থেকেই আছেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ও স্যাম কারেন।