ক্যাম্পে যোগ না দেওয়ায় শাস্তির মুখোমুখি হাফিজ-আজহার!



শাস্তির মুখোমুখি হাফিজ-আজহার!মোহাম্মদ আমির ক্যাম্পে থাকায় বুধবার লাহোরে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক আজহার আলী। এমন ঘটনার কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন ওই দুই পাকিস্তান ক্রিকেটার।
এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই দুজনের সঙ্গে কথা বলেছি। আমরা আরও কথা বলবো। এরপরেও তারা যদি রাজি না হয়। তাহলে তাদের বিরুদ্ধে পিসিবি শৃঙ্খলাবিরোধী পদক্ষেপ নেবে।’
গত সপ্তাহেই ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে ফেরা আমিরকে ২৬ জনের ক্যাম্পে নেওয়া হয়। সেই ক্যাম্পে রাখা হয় টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিকেও।
মূল ঘটনাটি ছিল বুধবার। এদিন লাহোরে চলমান অনুশীলন ক্যাম্পে মোহাম্মদ আমির থাকায় সেখানে যোগ না দিয়ে ক্যাম্প বয়কট করেন পাকিস্তানি অল রাউন্ডডার হাফিজ ও ওয়ানডে অধিনায়ক আজহার আলী।



এ প্রসঙ্গে অবশ্য সরাসরিই কথা বলেন আজহার। তিনি বলেন, ‘আমির থাকলে আমি ক্যাম্পে যোগ দিবো না। এটা আমার সিদ্ধান্ত। আর হাফিজের সিদ্ধান্ত নিয়ে আমার কিছুই বলার নেই। এটা ওর সিদ্ধান্ত।’   

এর আগে নভেম্বরে হাফিজ দাবি করেছিলেন বিপিএলে চিটাগং ভাইকিংস থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন হাফিজ। কিন্তু আমির একই দলে খেলায় সেই দলে না খেলার সিদ্ধান্ত নেন বলে দাবি করেন পাকিস্তানি এই ক্রিকেটার। তার মন্তব্য ছিল ফিক্সিংয়ে জড়ানো কোনও ক্রিকেটারের সঙ্গে যে দেশের নাম ডু্বিয়েছে তার সঙ্গে খেলবেন না তিনি।

 /এফআইআর/