দারুণ এক ইনিংস শেষে সংবাদমাধ্যমকে সাদমান বলেছেন, ‘আমি শেষ ম্যাচ খেলছি ভারতের সঙ্গে। এরপর ১০ মাস খেলতে পারিনি। এখানেও প্রথম ম্যাচে (প্রস্তুতি ম্যাচ) খেলতে পারিনি। তাই দ্বিতীয় ম্যাচ খেলার ইচ্ছা ছিল। এর আগে অনুশীলনটা খুব ভালো ছিল। আমার ইচ্ছা ছিল, এই ম্যাচে যতটা সম্ভব ভালো করার। একটু হলেও পেরেছি এবং মনে হচ্ছে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি।’
অসময়ের বৃষ্টিতে সাদমানের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। মনে মনে ভাবছিলেন, ব্যাটিংয়ে নামতে পারবেন তো? অবশেষে বৃষ্টি থামায় মাঠে নেমে ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন তিনি। তবে ওভার কমে যাওয়ায় পরিকল্পনা পাল্টাতে হয়েছিল এই ওপেনারকে, ‘সারাদিন ব্যাটিং করার প্রস্তুতি নিয়ে আসছিলাম। কিন্তু বৃষ্টি ছিল। এ কারণে ৪৫ ওভারে ২০০ রান চেজ করার লক্ষ্য সেট করে দেন কোচেরা। তামিম ভাই স্বাভাবিক ব্যাটিং করার পরামর্শ দেন। আমি সেভাবেই করেছি। প্রথমে একটু সময় নিয়েছি সেট হওয়ার। শেষ পর্যন্ত আমরা সহজেই ম্যাচটা বের করতে পেরেছি।’
নিজেদের প্রস্তুতি নিয়ে সাদমান বললেন, ‘আমরা অনেকদিন ধরেই অনুশীলন করছিলাম। সবাই খুব সিরিয়াস ছিলাম। কোচ আসার আগেও অনুশীলন করেছি, আসার পর টিম অনুশীলনে সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। সবাই নিজের জায়গায় খুব কাজ করেছে। দুটো ম্যাচেই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছি।’