গত কয়েকদিনে ধর্ষণ ও নারী নির্যাতনের খবরে বাতাস ভারি হয়ে উঠেছে। প্রতিদিনই সামনে আসছে লোমহর্ষক সব ঘটনা। মানুষ পরিণত হয়েছে পশুতে। তাই মুশফিকের আহ্বান সত্যিকারের মানুষ হওয়ার, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’
মাহমুদউল্লাহ এইসব অমানুষদের একতাবদ্ধ হয়ে প্রতিহত করতে বলছেন, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং মুখোশ খুলে দেই।’
ওয়ানডে অধিনায়ক তামিমও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন, ‘নিজ নিজ পরিবারের নারীর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’
টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের কণ্ঠেও সত্যিকারের মানুষ হওয়ার আর্জি, ‘নারীকে সম্মান করুন এবং সত্যিকারের মানুষ হোন।’
এই ভিডিও বার্তায় মাশরাফি না থাকলেও আগেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সাবেক অধিনায়ক লিখেছিলেন ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’