ইশান্ত শর্মার আইপিএল শেষ

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাত্র এক ম্যাচ খেলেছেন ইশান্তএমনিতেই দিল্লি ক্যাপিটালসের তাঁবুতে স্বস্তি নেই। হ্যামস্ট্রিং চোটে অন্তত একসপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ঋষভ পান্ত। সেখানে দুশ্চিন্তার মেঘ আরও জমাট বাঁধলো ইশান্ত শর্মার খবরে। ডানহাতি পেসারের আইপিএলই শেষ হয়ে গেছে। মাংসপেশীর ইনজুরিতে এবারের প্রতিযোগিতায় আর নামা হচ্ছে না ইশান্তের।

আজ (সোমবার) দিল্লি ক্যাপিটালস নিশ্চিত করেছে খবরটি। শুরুতে পাঁজরের খাঁচায় আঘাত পাওয়ার কথা শোনা গেলেও ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে মাংসপেশীতে চোট পেয়েছেন ভারতীয় পেসার।

‘৭ অক্টোবর দুবাইয়ে দলীয় অনুশীলনে বোলিংয়ের সময় বাঁ পাঁজরের খাঁচায় ব্যথা পান ইশান্ত শর্মা। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে তার মাংসপেশীতে চোট লেগেছে।’- এক বিবৃতিতে জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই চোটে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএল শেষ হয়ে গেছে ৩২ বছর বয়সী পেসারের।

গত মৌসুমে দিল্লির জার্সিতে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইশান্ত। ১৩ ম্যাচে মাঠে নেমে আগুন ঝরিয়েছিলেন বোলিংয়ে। অথচ এবার একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে ছিলেন তিনি উইকেটশূন্য।

ইশান্ত ছিটকে যাওয়ায় দিল্লি একাদশে ব্যবহার করতে পারে অভেষ খান, মহিত শর্মা এবং হার্শাল প্যাটেলকে। চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত গতিতে ছুটছে দিল্লি। ৭ ম্যাচের ৫টিতে জিতে শীর্ষস্থান ভাগাভাগি করছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে।

দিল্লির চোটের তালিকায় আগেই যুক্ত হয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান পান্ত। হ্যামস্ট্রিং চোটে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি তার। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানিয়েছেন, অন্তত একসপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।