পাঁচবার ‘নেগেটিভ’ হলেই মেয়েদের আইপিএলে জাহানারা-সালমা

মেয়েদের আইপিএলে খেলবেন সালমা খাতুন ও জাহানারা আলমসংযুক্ত আরব আমিরাতে মাঠ মাতাচ্ছেন বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরা। করোনাভাইরাসের কারণে ভারতে আয়োজন করা যায়নি এবারের আইপিএল। ছেলেদের মতো মেয়েদের আইপিএল, মানে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জও হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। ‍এবারের প্রতিযোগিতাতেও থাকছে বাংলাদেশ। সুযোগ পেয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন। তবে মাঠে নামার আগে কয়েক দফা করোনা পরীক্ষার সামনে পড়তে হচ্ছে তাদের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, পাঁচবার নেগেটিভ এলে ছাড়পত্র মিলবে খেলার।

লম্বা সময় খেলার বাইরে জাহানারা-সালমা। মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর করোনার কারণে নেই মাঠে। এরপরও আত্মবিশ্বাসী জাহানারা, ‘প্রস্তুতি যথেষ্ট ভালো। এখন অপেক্ষায় আছি করোনা রিপোর্টের।’

আজ (বুধবার) প্রথম দফায় নমুনা জমা দিয়েছেন জানাহারা। আরব আমিরাতের বিমানে ওঠার আগে দেশে দিতে হবে দুটো পরীক্ষা। দ্বিতীয়টি ১৯ অক্টোবর। এরপর মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছার পর আরও তিনবার হবে পরীক্ষা। বাংলা ট্রিবিউনকে সে কথা জানিয়ে ডানহাতি পেসার বললেন, ‘সবমিলিয়ে আমার পাঁচটি রিপোর্ট করতে হবে। আজকে (বুধবার) নমুনা দিয়েছি। কালকে (বৃহস্পতিবার) রেজাল্ট দেবে। যাওয়ার আগে আরও একটি টেস্ট করাতে হবে।’

এই দুই পরীক্ষার ফল নেগেটিভ এলেই বিমানে উঠতে পারবেন তিনি, ‘নেগেটিভ রিপোর্ট নিয়েই বিমানে উঠতে হবে। এরপর ওখানে (আরব আমিরাত) গিয়ে আরও তিনবার করোনা পরীক্ষা করতে হবে। সব নেগেটিভ আসলেই আমি খেলার সুযোগ পাবো। বিসিসিআইয়ের নিয়ম এটাই।’

আগামী ৪ নভেম্বর আরব আমিরাতে তৃতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েছেন জাহানারা। গত আসরে ভেলোসিটির হয়ে খেলা এই পেসার এবারও আছেন একই দলে। অন্যদিকে প্রথমবারের মতো এই লিগে সুযোগ পাওয়া সালমা সুযোগ পেয়েছেন ট্রেইলব্লেজারসে।

প্রথম আসরে দুই দল নিয়ে একটি ম্যাচ আয়োজন করা হলেও গত দুই আসরে তিনটি করে দল অংশ নিচ্ছে। মেয়েদের আইপিএলের তিনটি দল হচ্ছে- ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস।