নিউজিল্যান্ড দলে চোটের হানা

চোটের মিছিলে আছেন টিম সাউদিওগ্রীষ্মকালীন মৌসুম শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডে। করোনাভাইরাস বিরতির পর বেশ কয়েকটি দলকে আতিথ্য দেবে তারা। শুরুটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে। কিন্তু গ্রীষ্মের দীর্ঘ ব্যস্ততা শুরুর আগেই হাসপাতালে রূপ নিয়েছে নিউজিল্যান্ড দল! নতুন নতুন সমস্যায় লম্বা হচ্ছে চোটের তালিকা। সবশেষ যোগ হয়েছেন নিয়মিত তিন মুখ- টিম সাউদি, নিল ওয়াগনার ও কলিন ডি গ্র্যান্ডহোম।

যদিও খুব বেশি দুশ্চিন্তা করছেন না কিউই কোচ গ্যারি স্টেড। তার প্রত্যাশা, কোনও চোটই গুরুতর নয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন মৌসুমের আগে সবাইকে ফিট পাওয়া যাবে।

পিঠের সমস্যায় ভুগছেন সাউদি, ওয়াগনারের চোট ঊরুতে, আর ডি গ্র্যান্ডহোম মাঠের বাইর পায়ের ইনজুরিতে। তিন ক্রিকেটারই ছিটকে গেছেন নর্দার্ন ডিস্ট্রিক্টের প্লাঙ্কেট শিল্ডের সামনের ম্যাচ থেকে। যদিও আশা করা হচ্ছে, ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডে পাওয়া যাবে সাউদিকে।

বাঁহাতি স্পিনার আয়াজ প্যাটেল তো কাফ ইনজুরির কারণে মৌসুমই শুরু করতে পারেননি। সেরে ওঠার কাজ করছেন তিনি। তার মতো চলতি নিউজিল্যান্ড মৌসুমে মাঠে নামতে পারেননি হেনরি নিকোলস। ক্যান্টারবুরির হয়ে প্লাঙ্কেট শিল্ডের চতুর্থ রাউন্ড থেকে ফেরার সম্ভাবনা আছে এই ব্যাটসম্যানের। অন্যদিকে পেসার ম্যাট হেনরি আগেই ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

এত চোটের ধাক্কাতেও খুব বেশি উদ্বিগ্ন নন কিউই কোচ। চোট নিয়ে স্টেড বলেছেন, ‘চোট সবসময়ই দুশ্চিন্তার ‍এবং আমরা আমাদের মেডিক্যাল স্টাফদের সঙ্গে খুব কাছাকাছি থেকে প্রত্যেকটা ব্যাপারে (চোটআক্রান্ত খেলোয়াড়ের ওপর) নজর রাখছি। আশা করা হচ্ছে, টিম সাউদি ও হেনরি নিকোলসকে প্লাঙ্কেট শিল্ডের চতুর্থ রাউন্ডে পাওয়া যাবে।’

অন্যদের স্ক্যান দেখার পর বিস্তারিত বলতে পারবেন বলে জানালেন কিউই কোচ, ‘নিল ওয়াগনার ও কলিন ডি গ্র্যান্ডহোমের চোট খুব একটা গুরুতর নয়। আমরা স্ক্যানের ফলের অপেক্ষায় আছি, ওটা দেখে চোট সম্পর্কে বলা যাবে। একই বিষয় আয়াজ প্যাটেলের বেলাতেও।’

চোট আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে সাউদি ও ডি গ্র্যান্ডহোমের খেলার সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। নভেম্বরের শেষ দিকে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজ দিয়ে শুরু হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে কিউইদের লড়াই। ‍এরপর খেলবে দুই টেস্ট। লাল বলের ক্রিকেটে আবার ওয়াগনার ও নিকোলস নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। হ্যামিল্টনে ৩ ডিসেম্বর থেকে শুরু প্রথম টেস্ট।