অবশেষে অস্ট্রেলিয়া সফরের দলে রোহিত শর্মা

রোহিতচোটশঙ্কা ও ফিটনেস জটিলতায় রোহিত শর্মাকে বাইরে রেখে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে না পারলেও যেহেতু এই ওপেনারের আইপিএল শেষ হয়ে যায়নি, তাই হাতে অনেক সময় থাকার পরও রোহিতকে অস্ট্রেলিয়া সফরের দলে না রাখায় ওঠে সমালোচনা। এরপর সেটা আরও জটিল হয় যখন মুম্বাইয়ের হয়ে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমে পড়েন এই ব্যাটসম্যান। অনেক জল ঘোলা হওয়ার পর অবশেষে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন রোহিত।

অবশ্য এই ওপেনারকে শুধু টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে। পুরোপুরি ফিটনেস ফিরে পেতে তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরে ভারত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর নামবে চার ম্যাচের টেস্ট সিরিজে।

চলমান আইপিএলে হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রোহিতকে। ওই সময়ই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে বিসিসিআই। সব থেকে বড় ঘটনা ছিল রোহিতের না থাকা। চোটশঙ্কার কারণেই ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে বাইরে রাখা হয়। অথচ সব শঙ্কা উড়িয়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের লিগ পর্বে শেষ ম্যাচের পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচেও মাঠে নামেন তিনি।

আজ (সোমবার) বিসিসিআই আগের সিদ্ধান্ত পাল্টে অস্ট্রেলিয়া সফরের দলে যোগ করেছে রোহিতকে। অবশ্য শুধু টেস্টের জন্য, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই মনে করছে, সীমিত ওভারের সিরিজে বিশ্রাম পেয়ে ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া চার ম্যাচের টেস্ট সিরিজে ‘শতভাগ ফিট’ হয়ে উঠবেন রোহিত।

‘বিসিসিআই মেডিক্যাল টিম রোহিত শর্মার ফিটনেসে নজর রাখেছে এবং সংক্ষিপ্ত আকারে অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটির কাছে জানিয়ে দিয়েছে। রোহিতের সঙ্গে আলোচনার পর তাকে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্ভুক্ত করা হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট স্কোয়াডে’- বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই।

তিন সংস্করণের দলেই বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিসিআই। এই যেমন ওয়ানডে সিরিজে বাড়তি উইকেটকিপার হিসেবে যোগ করা হয়েছে সঞ্জু স্যামসনকে। চোট কাটিয়ে সেরে ওঠার মিশনে থাকা ইশান্ত শর্মাকেও রাখা হয়েছে টেস্ট দলে। কাঁধের চোটে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া স্পিনার বরুন চক্রবর্তীর জায়গায় নেওয়া হয়েছে টি নাটারঞ্জনকে।

ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, নাভদীপ সৈনি, দীপক চাহার, টি নাটারঞ্জন।

ভারতের ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্র্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, নাভদীপ সৈনি, শারদূল ঠাকুর, সঞ্জু স্যামসন (উইকেটকিপার)।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হানুমা বিহারি, শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পান্ত (উইকেটকিপার), জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, উমেশ যাদব, নাভদীপ সৈনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ।