টি-টোয়েন্টিতে অধিনায়ক মাহমুদউল্লাহর ‘সেঞ্চুরি’

মাহমুদউল্লাহগাজী গ্রুপ চট্টগ্রামের ম্যাচ দিয়ে দারুণ এক কীর্তি গড়ে ফেললেন অধিনায়ক মাহমুদউল্লাহ। মাশরাফি মুর্তজা ও মুশফিকুর রহিমের পর বাংলাদেশের তৃতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’ পূরণ করলেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার জার্সিতে প্রথম কোয়ালিফায়ারে অধিনায়ক হিসেবে ১০০তম ম্যাচে টস করলেন মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১৭ ক্রিকেটার অন্তত ১০০ ম্যাচে অধিনায়কত্ব করার কৃতিত্ব দেখিয়েছেন। সর্বাধিক ২৮৪ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এই তালিকায় এতদিন ছিলেন দুই বাংলাদেশি- মাশরাফি (১২৬ ম্যাচ) ও মুশফিক (১১৮ ম্যাচ)। এবার বিশ্বের ১৭তম অধিনায়ক হিসেবে তালিকায় যোগ দিলেন মাহমুদউল্লাহ।

স্বীকৃতি টি-টোয়েন্টিতে টস করা ১০০ ম্যাচের ১২টিতে মাহমুদউল্লাহ নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক আঙিনায়। বাকি ৮৮ ম্যাচই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া টি-টোয়েন্টিতে।

আগের ৯৯ ম্যাচের ৪৬টিতে তার নেতৃত্বে দল জিতেছে। বাকি ৫২ ম্যাচে হেরেছে। আজ (সোমবার) নেতৃত্বের ‘সেঞ্চুরি’র ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। মাত্র ৯ বলে ২ চার ও ৩ ছক্কায় খেলেন ৩০ রানের ঝড়ো ইনিংস।