তামিমের হতাশা

তামিম ইকবাল-বরিশালসবচেয়ে কম ম্যাচ জিতে প্লে-অফে সুযোগ পেয়েছিল ফরচুন বরিশাল। কিন্তু সুযোগটা কাজে লাগতে পারেননি তামিম ইকবালরা। বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমিনেটর ম্যাচ হেরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে বরিশাল। টুর্নামেন্টের শুরু থেকেই দল নিয়ে অসন্তুষ্টি ছিল তামিমের। তবুও আশা ছিল, ভালো কিছু করার। কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সংযোগ না হওয়াতে যারপরনাই হতাশ বরিশাল অধিনায়ক।

আজ (সোমবার) ঢাকার বিপক্ষে ৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বরিশাল। হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বললেন, ‘পুরো টুর্নামেন্টে আমাদের যে মানের খেলার প্রত্যাশা ছিল, সেই অনুযায়ী খেলতে পারিনি। আজ (সোমবার) ও গতদিন (শনিবার) আমরা ভালো খেলেছি। বিশেষ করে, আজ আমরা দুর্দান্ত বোলিং করেছি। ওদের (ঢাকা) ১৫০-এর নিচে বেঁধে ফেলেছি।’

১৫১ রানের লক্ষ্যে ঠিক যেমন শুরুর প্রয়োজন ছিল, ঠিক সেভাবে শুরু করতে না পেরেই আসলে হতাশ তামিম, ‘আমরা ভালো একটি শুরু পাইনি। আমি শুরুতে ধীরগতিতে শুরু করেছিলাম। কারণ আমাদের দ্রুত ২ উইকেটের পতন হয়েছিল। আমি আরও একটি উইকেট দিতে চাইনি। তবে আমি অন্তত আরও ১-২টি বাউন্ডারি পেলে, ম্যাচটাতে অন্যরকম ফল আসতে পারতো। শেষে হয়তো এতটা চাপ হতো না।’