ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চূড়ান্ত, বাদ টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ-ওয়েস্টঅবশেষে চূড়ান্ত হলো ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর সূচি। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ক্যারিবিয়ানরা। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা। সেই মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।

ভবিষ্যৎ সফর সূচিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। কিন্তু করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের সফরটি ছোট করতে হয়েছে। ফলে একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি বাদ পড়ে গেছে। নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ দল দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচি চূড়ান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

একটি টেস্ট কমে গেলেও তার প্রভাব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পড়বে না বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, ‘টেস্ট ম্যাচ কমলেও পয়েন্টে প্রভাব রাখছে না। টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই টেস্ট করে হিসাব করা হবে।’

এদিকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল হওয়া নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আলোচনা করেছি। দুই বোর্ডই আমরা সম্মত হয়েছি, পরবর্তীতে সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজন করা হবে।’

বাংলাদেশে আসার আগে সফরকারীদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট পেতে হবে। ঢাকায় পৌঁছে সাত দিনের কোয়ারেন্টিনে তিন দিন ‘বাধ্যতামূলক’ হোটেলে থাকতে হবে, বাকি চার দিন কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ।

১৮ জানুয়ারি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এরপর ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে খেলবে দুটি ওয়ানডে। ২৩ জানুয়ারি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে দুই দল। একদিন বিরতি দিয়ে ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

২৮ থেকে ৩১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে লংগার ভার্সনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে ক্যারিবিয়ানরা। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি।