খুলনার বিপক্ষে ফাইনালে ৫ রানের হারে ক্ষত-বিক্ষত মিঠুন। গোটা টুর্নামেন্টে ভালো খেললেও প্লে-অফ, বিশেষ করে ফাইনালে সেই চট্টগ্রামকে পাওয়া যায়নি। দলের হারের ব্যাখ্যায় সংবাদমাধ্যমকে মিঠুন বললেন, ‘পুরো টুর্নামেন্টে ছেলেরা ভালো খেলেছে। ফাইনালে আমরা নিজেদের মতো খেলতে পারিনি। বোলাররা ঠিকভাবে নিজেদের কাজটা করতে পারলেও ব্যাটসম্যানরা ঠিকভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আমাদের টপ অর্ডার দারুণ টাচে ছিল। আমাদের মিডল অর্ডারও ভালো করেছে। আমরা যদি জুটি গড়তে পারতাম তাহলে কাজটা সহজ হতো।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বোলিংয়ে দাপট দেখিয়েছে চট্টগ্রামের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। মোস্তাফিজ ১০ ম্যাচে ২২ উইকেট, আর শরিফুল নিয়েছেন ১৬ উইকেট।
এই দুই পেসারের প্রশংসা ঝরলো মিঠুনের কণ্ঠে, ‘পুরো টুর্নামেন্টেই তারা (মোস্তাফিজ-শরিফুল) দারুণ পারফরম্যান্স করেছে। শেষ ম্যাচেও তারা ভালো বোলিং করেছে। কিন্তু ফলাফলটা আমাদের পক্ষে আসেনি।’