আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। মেলেবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে ভারত আবার পাচ্ছে না অধিনায়ক বিরাট কোহলিকে। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত ফিরে গেছেন এই তারকা। তিনি না থাকায় এমনিতেই ভারতের শক্তি অনেকটা কমে যাচ্ছে। তাছাড়া অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ান পেস বোলিং ইউনিট বল হাতে যেভাবে আগুন ঝরিয়েছে, তাতে সফরকারীদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।
যেকোনও সিরিজের ক্ষেত্রে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারত শুধু প্রথম টেস্টে হারেইনি, লজ্জার অনেক রেকর্ডও সঙ্গী হয়েছে তাদের। মানসিকভাবেও ভেঙে পড়েছে অনেক। যে কারণে ভারতের ঘুরে দাঁড়ানোর খুব বেশি সুযোগ দেখছেন না মার্ক ওয়াহ। ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ব্যাটসম্যান তাই ভারতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, ‘কোনও আশা নেই।’
কোহলির না থাকার প্রসঙ্গ টেনে মার্ক ওয়াহর বক্তব্য, ‘আমি ভেবেছিলাম, অ্যাডিলেড হলো এমন এক টেস্ট, যেখানে তাদের জয় দিয়ে শুরু করার সুযোগ ছিল, কেননা বিরাট কোহলি ওই এক টেস্টের জন্যই ছিল। ভেবেছিলাম, কন্ডিশনটা তাদের অনুকূলে আছে। (অ্যাডিলেড টেস্টের) তৃতীয় দিনে অস্ট্রেলিয়া যেভাবে গুঁড়িয়ে দিলো, তাতে করে তাদের ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আমি দেখছি না।’
এরপরই টেস্ট সিরিজ নিয়ে তার ভবিষ্যদ্বাণী, ‘তাই আমার উত্তর না-ই হবে। অস্ট্রেলিয়া ৪-০তে জিতবে।’
টেস্টের আগে ওয়ানডে সিরিজের ভারত সুবিধা করতে পারেনি। তৃতীয় ম্যাচ জিতলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারতে হয় ২-১ ব্যবধানে। অবশ্য টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে কোহলিরা।