সাকিবের অনুপ্রেরণায় হচ্ছে ক্রিকেট একাডেমি (ভিডিও)

এগিয়ে চলছে মাস্কো-সাকিব একাডেমির নির্মাণ কাজনারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকায় ১৬ বিঘা জমির ওপর নির্মাণ হচ্ছে ‘মাস্কো-সাকিব ক্রিকেট একাডেমি’। সাকিব আল হাসানের অনুপ্রেরণায় মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুরের ভালোবাসায় এগিয়ে ‍চলেছে ‍আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমির কাজ।

২০২১ সালের ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই ক্রিকেট একাডেমির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন অর্থায়নে থাকা মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুর। বর্তমানে অবকাঠামো নির্মাণসহ মাঠের বিভিন্ন কাজ চলছে দ্রুতগতিতে। নিজে উপস্থিত থেকে প্রতিনিয়ত কাজের তদারকি করছেন মাস্কো গ্রুপের চেয়্যারম্যান।

এমএ সবুর ক্রিকেটপ্রেমী মানুষ। বাংলাদেশের খেলা তো বটেই, সময়-সুযোগ পেলে অন্য দেশের খেলাও মাঠে গিয়ে দেখেন। ক্রিকেটের প্রতি এই ভালোবাসা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পথে প্রভাবক হিসেবে কাজ করেছে। এর সঙ্গে সাকিবের অনুপ্রেরণা তো আছেই।

এগিয়ে চলছে মাস্কো-সাকিব একাডেমির নির্মাণ কাজক্রিকেট একাডেমি নির্মাণের ইচ্ছা কীভাবে এলো, সেটা জানাতে গিয়ে সবুরের কণ্ঠ থেকে বেরিয়ে এলো ক্রিকেটের প্রতি ভালোবাসা আর সাকিবের অনুপ্রেরণার কথা, ‘বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে হলে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আমি সেই উদ্যোগটি নিয়েছি। বাংলাদেশকে ক্রিকেট বিশ্বে এগিয়ে নিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপ্রেণায় এই একাডেমি নির্মাণ শুরু করেছি।’

বৃত্ত থেকে ৫৬ মিটার দৈর্ঘ্য-প্রস্থের একাডেমির সবুজ মাঠে থাকবে তিনটি পিচ। মাঠের চারপাশে থাকবে ১৪টি প্র্যাকটিস উইকেট। ইনডোরে প্র্যাকটিস উইকেট পাচঁটি, থাকবে ভার্চুয়াল উইকেটও। আরও আছে আধুনিক দ্বিতল জিমনেসিয়াম, মানসম্পন্ন তিনতলা রেস্টুরেন্ট, স্পোর্টস শপসহ অনেক কিছু।

এগিয়ে চলছে মাস্কো-সাকিব একাডেমির নির্মাণ কাজঅত্যাধুনিক ক্রিকেট একাডেমি নির্মাণে মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। সবুর অবশ্য অর্থ দিয়ে এই কাজ মূল্যায়ন করতে চান না, ‘একাডেমি নির্মাণ করতে টাকা কত লাগছে, সেটাকে প্রধান্য না দিয়ে আধুনিক ও আর্ন্তজাতিক মানসম্পন্ন করতে যা যা করার প্রয়োজন, তা করা হচ্ছে। টাকার অঙ্কে আমি এটির হিসাব করতে চাই না।’

আসলে মাস্কো-সাকিব একাডেমি তিনি নির্মাণ করছেন সম্পূর্ণ ভালোবাসা থেকে। তাছাড়া সাকিবের মতো ক্রিকেটার যেখানে জড়িত, সেখানে অন্যকিছু মাথাতেই আনছেন না তিনি, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা ক্রিকেটের ভক্ত। বাংলাদেশসহ আর্ন্তজাতিক ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গিয়ে প্রায়ই দেখা হয়। এছাড়া সাকিবের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। সাকিব প্রায়ই আমাদের বাসায় আসে। সে প্রায় সময়ই আমাকে বলতো, একটি ক্রিকেট একাডেমি নির্মাণ করার জন্য। তার এই অনুপ্রেরণা এবং বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করে এটি নির্মাণ করছি।’

একাডেমিতে অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ৪০ থেকে ৫০ জন ক্রিকেটার ব্যাচ বাই ব্যাচ প্রশিক্ষণ নিতে পারবেন। তাদের থাকার জন্য মাঠের একপাশে নির্মাণ করা হয়েছে আধুনিক ডরমেটরি। পুরো একাডেমির চারপাশ সাজানো হয়েছে বর্ণিল সাজে। চারপাশে করা ভার্টিক্যাল গার্ডেন।

20201224_152458সরেজমিন ঘুরে দেখা যায়, দ্রুতগতিতে চলছে মাস্কো-সাকিব ক্রিকেট একাডেমির কাজ। ইনডোর প্র্যাকটিস উইকেটের সেড নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। ভেতরে চলছে ভার্চুয়াল প্র্যাকটিস উইকেটসহ ইনডোর প্র্যাকটিস উইকেট নির্মাণের কাজ। মাঠের পূর্ব-উত্তর কোণে নির্মাণ করা হচ্ছে তিনতলা জিমনেসিয়াম ভবন, পাশে হচ্ছে রেস্টুরেন্ট ভবন। পশ্চিমে ইনডোর প্র্যাকটিস সেডের পাশে চলছে স্পোর্টস শপিং ভবনের কাজ। একাডেমির পশ্চিম-উত্তরে এলইডি স্ক্রিন ও ডিজিটাল বোর্ড সাঁটানোর কাজ চলছে। এছাড়া অনুশীলনের সময় যাতে রোদ চোখে না লাগে, সেজন্য মাঠের দুই পাশে বড় আকারে স্ক্রিন লাগানোর কাজ চলছে।

এই ক্রিকেট একাডেমিতে উপদেষ্টা হিসেবে থাকছেন সাকিব ও বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আন্তর্জাতিক ক্রিকেট মাঠে যে সব সুযোগ-সুবিধা থাকে, তার সবটাই থাকছে এখানে।

এগিয়ে চলছে মাস্কো-সাকিব একাডেমির নির্মাণ কাজতেমনটাই জানালেন মাঠের দায়িত্বে থাকা কিউরেটর সামসুল আলম, ‘আন্তর্জাতিক ক্রিকেট মাঠে যে সব সুযোগ-সুবিধা থাকে, সবই থাকছে মাস্কো-সাকিব ক্রিকেট একাডেমিতে। হংকং থেকে মাটি এনে নির্মাণ করা হয়েছে তিনটি পিচ। একই সঙ্গে পুরো মাঠ সবুজায়ন করা হয়েছে।’ ঘাস পরিচর্চার কাজে নিয়োজিত মনির হোসেন বললেন, ‘প্রায় একবছর ধরে এই ক্রিকেট একাডেমির নির্মাণ কাজ চলছে। করোনার সময় কিছুদিন কাজ বন্ধ ছিল। এখন পুরোদমে কাজ চলছে।’ মাঠ তৈরিতে কাজ করা স্থানীয় আব্দুল হালিম মনে করছেন, ‘এই ক্রিকেট একাডেমি হওয়ার কারণে আমাদের গ্রামের ছেলে-মেয়েরাও উদ্বুদ্ধ হবে ক্রিকেট খেলার প্রতি।’

মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুর শুধু নারায়ণগঞ্জ নয়, গোটা দেশের ক্রিকেটেই বিপ্লব আনতে চান এই একাডেমির মাধ্যমে। তার উদ্দেশ্য, বাংলাদেশকে ক্রিকেটের দেশে পরিণত করার। আর এই যাত্রায় অনুপ্রেরণা হয়ে সঙ্গী আছেন সাকিব।