ব্রিসবেনে লকডাউন, অনিশ্চয়তায় ভারতের চতুর্থ টেস্ট!

ব্রিসবেনে করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে দিন দিন। যার প্রমাণ সর্বশেষ পরিস্থিতি। শুক্রবার থেকে তিন দিনের কঠোর লকডাউনে যাচ্ছে ব্রিসবেন। ফলে গ্যাবায় পরের সপ্তাহে হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পরিস্থিতি এখন এমনই দাঁড়িয়েছে যে, শহরের প্রায় দুই মিলিয়ন অধিবাসী ঘর ছেড়ে কোনওভাবেই বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। বের হওয়া যাবে শুধুমাত্র অতি প্রয়োজনের বেলায়। কুইন্সল্যান্ড রাজ্যে এমন কঠোর করোনা-বিধি স্বাভাবিকভাবেই বাড়তি উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় শিবিরে। যারা সিডনির তৃতীয় টেস্ট শেষ করে মঙ্গলবার যাবে সেখানে। এর আগেই অবশ্য কুইন্সল্যান্ড রাজ্যের কড়া আইসোলেশন বিধি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে ভারত। ফলে সেখানে নতুন এই লকডাউন ভারতীয় দল কীভাবে নেয় সেটাই এখন দেখার বিষয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি যদিও। তবে ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার এ বিষয়ে রোহিত শর্মাদের হয়েই কথা বলেছেন। সিডনির বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করে চ্যানেল সেভেনকে তিনি বলেছেন, ‘সিডনিতে বিষয়টা এমন যে লোকজন মাঠে আসছে, আবার বের হয়ে ডিনার সেরে নিতে পারছে। এমনকি পাবেও এক সঙ্গে ২০-৩০জন সহজভাবে যেতে পারছে। ভারতীয় দলও আসলে এমন কিছু চাইছে। কুইন্সল্যান্ড সরকার যেমন তাদের নিজেদের জনগণকে রক্ষা করতে চাইছে। বিষয়টি বিসিসিআইয়ের ক্ষেত্রেও একই। তারাও দলকে রক্ষা করতে চাইছে। আমার মনে হয় বিষয়টি ভুলে গেলে চলবে না।’