কোহলি-স্মিথদের আধিপত্য খর্ব করে দিচ্ছেন উইলিয়ামসন

এতদিন টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষআসন দখলের লড়াইটা ছিল দুজনের। সিংহাসনটা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। নতুন বছরে তাদেরকে পেছনে ফেলার মিশনে রয়েছেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পরই শীর্ষ আসনটা দখলে নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ওই সিরিজের শেষ টেস্টে মহাকাব্যিক ২৩৮ রানের ইনিংসের পর শীর্ষস্থানটা হয়েছে আরও সুসংহত। ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সবার ওপরেই আছেন কিউই অধিনায়ক।

নিউজিল্যান্ডার হিসেবে র‌্যাঙ্কিংয়ে এত বেশি রেটিং আর কেউ অর্জন করতে পারেননি। সেক্ষেত্রে কেন উইলিয়ামসন ৯১৯ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে। তার আগে র‌্যাঙ্কিংয়ে কিউইদের মাঝে ৯০০ পয়েন্ট ছাড়ানো তারকা ছিলেন কিউই কিংবদন্তি রিচার্ড হ্যাডলি। ১৯৮৫ সালে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৯০৯ পয়েন্ট অর্জন করেছিলেন এই পেসার। 

এদিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ফর্মে ফেরা স্মিথ পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। দুই ইনিংসে ১৩১ ও ৮১ রানের ইনিংস খেলে অজি তারকার অবস্থান এখন দ্বিতীয়। তার রেটিং ৯০০। তিনে নেমে যাওয়া কোহলির রেটিং ৮৭০।   

ভারতীয় দল থেকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন চেতেশ্বর পূজারা। ৫০ ও ৭৭ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন আটে। এতদিন তার অবস্থান ছিল দশে। তৃতীয় টেস্টে ৯৭ রানের লড়াকু ইনিংস খেলা পান্তও এগিয়েছেন অনেক। ২৬তম স্থান থেকে এখন রয়েছেন ১৯তম স্থানে।

এদিকে টেস্টের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন জাদেজা। জেসন হোল্ডারকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন দুইয়ে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন বেন স্টোকস। সাকিবও আগের চার নম্বরেই আছেন। পাঁচ ধাপ এগিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার কাইল জেমিসন।