পুনে ডেভিলস শুধু নাসির হোসেনকে দলেই ভিড়ায়নি, অধিনায়কও করেছে বাংলাদেশি ক্রিকেটারকে। নেতৃত্বের দায়িত্ব টি-টেন লিগের প্রথম ম্যাচেই ফুটে উঠলো তার দুর্দান্ত বোলিংয়ে। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে যেখানে ব্যাটসম্যানদের তাণ্ডব চলে, সেখানে নাসির ২ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার দলও জিতেছে। ডেকান গ্ল্যাডিয়েটরসকে হারিয়েছে ৭ উইকেটে।
বৃহস্পতিবার নাসিরের ছোবলে দিশেহারা হয়ে পড়ে ডেকান। তার ঘূর্ণিতে ১৫ রানে ৩ উইকেট হারালেও নির্ধারিত ১০ ওভারে ডেকান ৫ উইকেটে করতে পারে ১০৪ রান। এই লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ৪ বল আগে টপকে যায় পুনে।
অধিনায়ক নাসির ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন। নিজের প্রথম ওভারেই তার জোড়া আঘাত। দ্বিতীয় বলে সুনিল নারিনকে (১) ফেরানোর পর শেষ বলে সাজঘরের পথ দেখান মোহাম্মদ শাহজাদকে (৮)। এরপর এই স্পিনার আউট করেন প্রশান্ত গুপ্তাকে (১৭)। বল হাতে নাসিরের আলো ছড়ানো ম্যাচে ডেকানের সর্বোচ্চ সংগ্রাহক আজম খান (১৩ বলে ৩৭*)।
১০৫ রানের লক্ষ্যে পুনে ওপেনার টম কোলার-ক্যাডমোর (১২) দ্রুত ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আরেক ওপেনার কেনান লুইস। ২৮ বলে ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় তিনি খেলেন হার না মানা ৫৭ রানের ইনিংস। আসিফ খান অপরাজিত থাকেন ৭ রানে। এছাড়া চ্যাডউইক ওয়ালটন করেন ১৮ রান।
বৃহস্পতিবার দিনের আগের খেলার জয় পেয়েছেন মোসাদ্দেক হোসেনের দল মারাঠা অ্যারাবিয়ান্স। তারা ৫ উইকেটে হারিয়েছে নর্দার্ন ওয়ারিয়র্সকে। ১০ ওভারে নর্দার্ন ওয়ারিয়র্সের ২ উইকেটে করা ১২৭ রান একেবারে শেষ বলে ৫ উইকেট হারিয়ে টপকে যায় মোসাদ্দেকরা।