দলীয় অনুশীলন শুরুর আধঘণ্টা পর মাঠে ঢুকলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে টান পাওয়ার পর আজই (শনিবার) প্রথম অনুশীলন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
কুঁচকিতে টান পড়ায় সাকিবকে নিয়ে শঙ্কা জেগেছিল। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে থাকার পর স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট ভালো আসায় ছাড়পত্র পাওয়ার পরের দিনই মাঠে ফিরে ঘণ্টাখানেকের মতো অনুশীলন করেছেন তিনি। তবে অনুশীলনের ছিলেন বেশ সাবধানী। কোনও প্রকার ঝুঁকি না দিয়ে সতর্ক থেকে শেষ করেছেন তার প্রথম দিনের অনুশীলন।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢুকেই অবশ্য অনুশীলন শুরু করেননি সাকিব। শুরুতে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে নিজের অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। সব ঠিক থাকার পর ব্যাটিংয়ে শুরু করেন। তবে পুরো সময়টাতেই ছিলেন সতর্ক।
স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যে প্রত্যাবর্তন রাঙিয়ে পান সিরিজসেরার পুরস্কার।
সাকিব সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে ১৫ মাস পর ৩ ফেব্রুয়ারি বন্দরনগরীতেই পাঁচ দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে সাকিবের।