ভারত সফরে তিনটি করোনা টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে ইংল্যান্ডকে। একই টেস্ট করাতে হয়েছে স্বাগতিকদেরও। অবশ্য তিন পরীক্ষাতে মেলেনি কোনও দুঃসংবাদ। করোনা নেগেটিভ হয়েছেন সবাই। ফলে ৬ দিনের কোয়ারেন্টিন শেষ করে অনুশীলনে ফেরার সুযোগ পাচ্ছে ভারত ও ইংল্যান্ড। অবশ্য ভারত গতকাল থেকে অনুশীলনে ফিরলেও ইংল্যান্ড অনুশীলন শুরু করতে পারবে মঙ্গলবার থেকে।
অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে ভারত একটু আগেভাগেই দেশে ফিরেছিল। তাতে জীবানু সুরক্ষিত বলয়ে প্রবেশের আগে বেশ কিছুদিন সতেজ থাকার সময় পেয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘চেন্নাইয়ে ভারতীয় দল আজকেই নিজেদের কোয়ারেন্টিন পর্ব শেষ করেছে। তাদের তিনটি পিসিআর টেস্ট করানো হয়েচিল। সেখানে সব টেস্টেই ফল এসেছে নেগেটিভ। ওরা গতকাল আউটডোর সেশনে অনুশীলন করলেও নেট সেশন শুরু করবে আজ।’
ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বেন স্টোকস, জোফরা আর্চার ও ররি বার্নস- শ্রীলঙ্কা সফরে যাননি। ফলে তারা মূল দলের আগেই ভারতে পৌঁছেছিলেন বলে কোয়ারেন্টিনের মেয়াদও শেষ হয়েছে আগে। যে কারণে তারা অনুশীলন শুরু করতে পেরেছেন। তবে মূল সদস্যরা অনুশীলন শুরু করতে পারবেন আজ থেকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইংল্যান্ডের সফরকারী দলের সবার পিসিআর টেস্টের ফল নেগেটিভ এসেছে। তারা গ্রুপভিত্তিক অনুশীলন শুরু করতে পারবে আজ থেকে।’
ইংল্যান্ড-ভারতের চার টেস্ট সিরিজ শুরু হবে শুক্রবার।