ফাঁদে পড়ে বিদায় মুমিনুলের

প্রতিরোধ গড়া জুটি স্থায়ী হলো না এবারও। দু’বার প্রায় জীবন পেয়েও মুমিনুল সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন ২৬ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫১ ওভারে ৩ উইকেটে ১১৯ রান।    
প্রথম সেশনে দুই উইকেট পতনের পর প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক মুমিনুল হক। তাদের ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ পার হয় শত রান। সাদমান তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট হাফসেঞ্চুরি।

অবশ্য উইকেট থেকে টার্ন ও পেস না পাওয়ায় ক্যারিবীয়রাও ফিল্ডিং সেট করেছিল রক্ষণাত্মকভাবে। ৫১তম ওভারে সেই ফাঁদেই পা দেন মুমিনুল। বামহাতি স্পিনার ওয়ারিকানের স্পিনে বাতাসে ভাসানো ড্রাইভ করেছিলেন। কিন্তু শর্ট মিড উইকেটে লাফিয়ে সেটি তালুবন্দী করে নেন জন ক্যাম্পবেল। মুমিনুল ২৬ রানে ফেরায় ভেঙে যায় ৫৩ রানের জুটি।

অপর প্রান্ত আগলে ধীরস্থির ভঙ্গিতে খেলছেন সাদমান। ১৩৫ বল খেলে অপরাজিত ৫৪ রানে। তার সঙ্গে ব্যাট করছেন মুশফিকুর রহিম (০)।

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামার পর তামিম ইকবাল ভালো সূচনার ইঙ্গিত দিলেও টিকতে পারেননি। পঞ্চম ওভারেই বোল্ড হয়ে ফিরে গেছেন।স্বাগতিকরা এক পেসার রাখলেও সফরকারীরা রেখেছে ৩ পেসার। আর শুরুর আঘাতটাই হেনেছেন পেসার কেমার রোচ। দলীয় ২৩ রানে তার ভেতরে ঢুকে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন তামিম। কিন্তু ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। ব্যাট ছুঁয়ে প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে! তামিম ফিরেছেন ৯ রান করে।

অথচ শুরুটা আগ্রাসী ভঙ্গিতে করার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ ওপেনার। চার মেরেছেন দুটি। অবশ্য আউট হওয়ার আগেই বাংলাদেশের হয়ে টেস্টের সর্বাধিক রান সংগ্রাহক বনে যান তিনি। পেছনে ফেলেন মুশফিকুর রহিমকে। তামিমের রান ৪৪১৪। মুশফিকের ৪৪১৩। ফলে মুশফিকের সুযোগ থাকছে পুনরায় তামিমকে পেছনে ফেলার।

এর পর সাদমান আর শান্ত মিলে গড়েন শুরুর দিকের জুটি। পোক্ত হওয়ার পথেই ছিলেন দু’জন। কিন্তু ২৪তম ওভারে সাদমানের অপ্রয়োজনীয় দ্বিতীয় রান নেওয়ার তাড়ায় বলি হয়েছেন শান্ত। ভুল বোঝাবুঝিতে রান আউটে শান্ত বিদায় নিয়েছেন ২৫ রান করে। তার বিদায়ে ভেঙেছে ৪৩ রানের জুটি। এতে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি স্বাগতিকরা। প্রথম সেশনে আসে ২ উইকেটে ৬৯ রান।