রিভিউ না নিয়ে চা বিরতির আগে ফিরলেন সাদমান

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও স্থায়ী হলো না কোনও জুটি। পতন হয়েছে আরও দুই উইকেটের। প্রতিরোধ গড়ার সম্ভাবনা জাগিয়েও বেশিক্ষণ থিতু হতে পারেননি মুমিনুল হক ও সাদমান ইসলাম। দ্বিতীয় সেশন শেষে ৫৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান।  ক্রিজে আছেন সাকিব আল হাসান (৩) ও মুশফিকুর রহিম (৯)।

চা পানের বিরতির এক ওভার আগেই ফিরে যান শুরু থেকে একপ্রান্ত আগলে খেলা সাদমান। ১৫৪ বল খেলে বিদায় নেন ৫৯ রান করে। ওয়ারিকানের স্পিনে লেগ বিফোরের ফাঁদে পড়েন। আম্পায়ার আঙুল উঠিয়ে দিলে সাজঘরের পথ ধরেন তিনি। তবে রিপ্লেতে দেখা গেছে, বল বেশি টার্ন করায় মিস করেছিল লেগ স্টাম্প। সাদমান রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন। কিন্তু সে পথে আর তিনি হাঁটেননি! 

অবশ্য প্রথম সেশনে দুই উইকেট পতনের পর প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক মুমিনুল হক। তাদের ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সংগ্রহ পার হয় শত রান। সাদমান তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট হাফসেঞ্চুরি। যার সর্বশেষ ফিফটি ছিল ২০১৮ সালে অভিষেকে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।এর পর ১০ ইনিংসে ছিল না কোনও ফিফটি। 

উইকেট থেকে টার্ন ও পেস না পাওয়ায় ক্যারিবীয়রাও ফিল্ডিং সেট করেছিল রক্ষণাত্মকভাবে। সাদমানের বিদায়ের আগে ৫১তম ওভারে সেই ফাঁদেই পা দেন শুরুতে দুবার অল্পের জন্য জীবন পাওয়া মুমিনুল। বামহাতি ওয়ারিকানের স্পিনে বাতাসে ভাসানো ড্রাইভ করেছিলেন। কিন্তু শর্ট মিড উইকেটে লাফিয়ে সেটি তালুবন্দী করে নেন জন ক্যাম্পবেল। মুমিনুল ২৬ রানে ফেরায় ভেঙে যায় ৫৩ রানের জুটি।

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামার পর তামিম ইকবাল ভালো সূচনার ইঙ্গিত দিলেও টিকতে পারেননি। পঞ্চম ওভারেই বোল্ড হয়ে ফিরে গেছেন।স্বাগতিকরা এক পেসার রাখলেও সফরকারীরা রেখেছে ৩ পেসার। আর শুরুর আঘাতটাই হেনেছেন পেসার কেমার রোচ। দলীয় ২৩ রানে তার ভেতরে ঢুকে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন তামিম। কিন্তু ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। ব্যাট ছুঁয়ে প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে! তামিম ফিরেছেন ৯ রান করে। অথচ শুরুটা আগ্রাসী ভঙ্গিতে করার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ ওপেনার। চার মেরেছেন দুটি। 

তার বিদায়ের পর সাদমান আর শান্ত মিলে গড়েন শুরুর দিকের জুটি। পোক্ত হওয়ার পথেই ছিলেন দু’জন। কিন্তু ২৪তম ওভারে সাদমানের অপ্রয়োজনীয় দ্বিতীয় রান নেওয়ার তাড়ায় বলি হয়েছেন শান্ত। ভুল বোঝাবুঝিতে রান আউটে শান্ত বিদায় নিয়েছেন ২৫ রান করে। তার বিদায়ে ভেঙেছে ৪৩ রানের জুটি। এতে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি স্বাগতিকরা। প্রথম সেশনে আসে ২ উইকেটে ৬৯ রান।