সিরিজ জিততে সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলিংয়ের সামনে স্বাগতিকরা দিশেহারা হয়ে পড়লেও তাদের লিড দাঁড়িয়েছে ২০০ রান। দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১২৯ রান।
এর আগে হাসান আলীর বোলিং নৈপুণ্যে বেশিদূর যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৭২ রানের জবাবে তারা অলআউট হয়ে যায় ২০১ রানে। হাসান ৫৪ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রোটিয়াদের হয়ে তেম্বা বাভুমার অপরাজিত ৪৪ রানই ছিল সর্বোচ্চ।
সফরকারীদের অল্পতে গুটিয়ে দেওয়াতে পাকিস্তান লিড পায় ৭১ রানের। সুবিধাজনক অবস্থানে থেকেও তারা সেই সুযোগটা শুরুতে কাজে লাগাতে পারেনি। ৭৬ রানে ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটসম্যান। রিজওয়ান-ফাহিম আশরাফ মিলে প্রতিরোধ না গড়লে আরও বিপর্যয়ে পড়তে হতো।
অবশ্য দিনটা পুরোপুরি প্রোটিয়ারা নিজেদেরই করে নিতে পারতো। প্রতিরোধ গড়া ফাহিম ও রিজওয়ানের ক্যাচ ফেলেছেন সফরকারী ফিল্ডাররা। রানের খাতা খোলার আগে স্লিপ থেকে বোলিং অলরাউন্ডার ফাহিমের ক্যাচ ফেলেছেন ডিন এলগার। ৪ রানে ব্যাট করতে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান রিজওয়ানেরও ক্যাচ ফেলেছেন রাসি ফন ডার ডাসেন। জীবন পেয়ে এই দুই ব্যাটসম্যানই গড়েছেন ৫২ রানের জুটি! পরে অবশ্য লিন্ডে শেষ দিকে ফাহিমকে ফিরিয়েছেন ব্যক্তিগত ২৯ রানে। রিজওয়ান ২৮ রানে ক্রিজে আছেন। সঙ্গে হাসান আলী এখনও রানের খাতা খোলেননি।
এই ইনিংসে ১২ রানে ৩টি উইকেট নিয়েছেন বামহাতি স্পিনার জর্জ লিন্ডে। দুটি নিয়েছেন আরেক বামহাতি স্পিনার কেশব মহারাজ।