মোস্তাফিজুর রহমানের বলটা কাট করেই হেলমেট খুলে দুই হাত উঁচিয়ে ধরলেন কাইল মায়ার্স। মুখে চওড়া হাসি। একটু আগেই যে তিন অঙ্কের ঘরে পৌঁছে গেছেন তিনি। তাও সেটা পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্টে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান অভিষেক রাঙিয়ে নিয়েছেন সেঞ্চুরি দিয়ে। তার সঙ্গে এনক্রুমা বনারের দু্র্দান্ত ব্যাটিংয়ে চাপ বাড়ছে বাংলাদেশের।
প্রথম সেশনে কোনও সাফল্য নেই, লাঞ্চ থেকে ঘুরে এসেও কোনও উইকেট পায়নি বাংলাদেশ। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে চলছে ক্যারিবিয়ান-রাজ। মায়ার্সের সেঞ্চুরি ও বনারের হাফসেঞ্চুরিতে লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছে তারা। ৮৭ ওভারে ৩ উইকেটে তাদের সংগ্রহ ছিল ২৩৫ রান। জয়ের জন্য দরকার ছিল তখন ১৬০ রান।
বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কয়েকজন খেলোয়াড়। নিয়মিত সদস্যদের অনুপস্থিতিতে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয়ে গেছে মায়ার্সের। আর অভিষেকেই তিনি পেলেন সেঞ্চুরি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৭৮ বলে পূরণ করেন ক্যারিয়ারের প্রথম শতক, যাতে ছিল ১২ বাউন্ডারির সঙ্গে এক ছক্কার মার।
হতাশার প্রথম সেশন
পঞ্চম দিনের প্রথম সেশনে কোনও সাফল্য নেই বাংলাদেশের। শেষ দিনে এসে স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আরও স্পষ্ট করে বললে কাইল মায়ার্স-এনক্রুমা বনার জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে উইকেট অক্ষত রেখে লাঞ্চ বিরতিতে গেছেন তারা।
সকাল সকাল ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অথচ উল্টো নিজেরাই চাপে পড়ে গেল! পঞ্চম দিন শুরু করা মায়ার্স ও বনারকে আউটই করতে পারছে না স্বাগতিকরা। লাঞ্চ বিরতির আগে সফরকারীরা ৭১ ওভারে ৩ করেছে ১৯৭ রান। জয়ের জন্য তাদের দরকার ১৯৮ রান।
চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। জয়ের সম্ভাবনা রয়েছে দুই দলেরই। তবে প্রথম সেশনে ক্যারিবিয়ানরা যেমন সাবলীল ব্যাটিং করেছে এবং বাংলাদেশ যেভাবে সুযোগ হাতছাড়া করেছে, তাতে মুমিনুলদের জন্য কঠিন সময়ই হয়তো অপেক্ষা করছে সামনে। ৩১ ওভার বল করে কোনও উইকেট পায়নি বাংলাদেশ।
চতুর্থ দিনের শেষভাগে আক্রমণাত্মক ব্যাটিং করা মায়ার্স পঞ্চম দিনেও আগ্রাসী। হাফসেঞ্চুরি পূরণ করে তিনি সেঞ্চুরির পথে। যোগ্য সঙ্গ পাচ্ছেন বনারের কাছ থেকে। চতুর্থ উইকেটে তারা অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটিতে। চট্টগ্রাম টেস্টেই অভিষিক্ত মায়ার্স সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে। টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূরণ করে তিনি অপরাজিত ৯১ রানে। আরেক অভিষিক্ত বনার ৪৩ রানে অপরাজিত।
৩ উইকেটে ১১০ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ তাদের লক্ষ্য দিয়েছে ৩৯৫ রানের।