১৮ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছেন হাবিবুল-সুজনরা

বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে টেনডটটেন ক্রিকেট। ছয়টি দল নিয়ে আগামী ১৮-২১ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও অ্যাকাডেমি মাঠে হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বাংলাদেশ জাতীয় দল, 'এ' কিংবা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন- এমন ক্রিকেটারদের নিয়েই হচ্ছে লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি-এলসিটি টেনডটটেন ক্রিকেট।

এরই মধ্যে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ৬টি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে জেমকন টাইটান্স, একমি স্ট্রাইকার্স, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল ও জা’দুবে স্টারস।

দলগুলোর আইকন ক্রিকেটাররা হলেন মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন। সঙ্গে ৬ দলের মেন্টর হিসেবে থাকছেন জাহিদ রাজ্জাক মাসুম, নুরুল আবেদীন নোবেল, সারোয়ার ইমরান, আতহার আলী খান, নাসির আহমেদ নাসু ও আজহার হোসেন শান্টু।