সমতায় ফেরার লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, নাগরিক টেলিভিশন ও বিটিভি।
ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে প্রথম টেস্ট হারের পর এই ম্যাচটি স্বাগতিকদের জন্য মান বাঁচানোর ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। হওয়ারই কথা। চট্টগ্রাম টেস্টে চার দিন আধিপত্য বিস্তার করেও শেষ পর্যন্ত জিততে পারেনি মুমিনুলের দল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর তার পুনরাবৃত্তি চায় না স্বাগতিকরা। সংবাদ সম্মেলনে মুমিনুলও জানিয়ে গেছেন সেই কথা, ‘অতীত ভুলে যেতে চাই। আমরা ঢাকায় ভুলগুলোর পুনরাবৃত্তি চাই না। সেরা ক্রিকেট খেলে ম্যাচটি জিততে উন্মুখ হয়ে আছি।’
দ্বিতীয় টেস্টে একাদশে অবধারিতভাবেই পরিবর্তন আসছে। ইনজুরি আক্রান্ত সাকিবের জায়গার ডাক পেয়েছেন সৌম্য সরকার। সাদমানের জায়গায় নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। দুটি নিশ্চিত পরিবর্তনের মধ্যে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসানকে। পাশাপাশি সাকিবের জায়গাতে দেখা যাবে সৌম্য সরকারকে। তবে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে না চাইলে সৌম্যকে ওপেনিংয়ে পাঠিয়ে বাড়তি একজন পেস বোলার নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও মুমিনুল জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উইকেট দেখেই একাদশ নির্বাচন করবেন।
অন্যদিকে, সিরিজে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য তারা এই ম্যাচেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। ঢাকার উইকেট বিবেচনায় নিয়েই তারা দল সাজানোর ঘোষণা দিয়েছে। আবার উইনিং কম্বিনেশন ধরে রাখারও ইঙ্গিত আছে ম্যানেজমেন্টের। তবে প্রথম টেস্ট জিতে পা মাটিতেই রাখছে সফরকারীরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট সে কথাই বলে গেছেন, 'হ্যাঁ, আমরা দুর্দান্ত একটা জয় পেয়েছি ঠিকই। কিন্তু আমাদের আবারও নতুন করে শুরু করতে হবে। আমাদের পা মাটিতেই রাখতে হবে এবং আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। আমাদের আবারও লড়াইয়ে নামতে হবে।'